বর্ষায় দেওয়াল স্যাঁতস্যাঁতে? জেনেনিন কিভাবে করবেন ফিক্স? রইলো পদ্ধতি

বর্ষা এলেই বাড়ির দেওয়ালে ড্যাম্প বা স্যাঁতসেঁতে হওয়ার সমস্যা একটি সাধারণ চিত্র হয়ে দাঁড়ায়। কোথাও দেখা দেয় কালো ছোপ, কোথাও বা সাদা নোনা। অনেক সময় রং ফুলে উঠে খসে পড়ে এবং পলেস্তারাও আলগা হয়ে যায়। বিশেষজ্ঞদের মতে, কেবল নতুন করে রং করলেই এই সমস্যার স্থায়ী সমাধান মেলে না। দেওয়ালের ভিতরে জল ঢোকার মূল উৎস বন্ধ না করলে কয়েকমাস পর আবারও একই জায়গায় ড্যাম্প ফিরে আসতে পারে।
জলের উৎস খুঁজে বার করা জরুরি স্যাঁতসেঁতে দেওয়াল ঠিক করার আগে সবার আগে জানা প্রয়োজন কোথা থেকে জল ঢুকছে। ছাদ, বাইরের দেওয়াল, জানলার ধারের ফাটল, বাথরুমের পাইপ কিংবা রান্নাঘরের লিকেজ—যে কোনও জায়গা থেকেই এই সমস্যা শুরু হতে পারে। বাড়ির ছাদ বা ছাদের নিকাশি পাইপে জল জমে থাকছে কি না, তা নিয়মিত পরীক্ষা করা দরকার। অনেক সময় পাইপের ছোট ফুটো থেকে দিনের পর দিন জল চুইয়ে দেওয়াল নষ্ট করে, যা বাইরে থেকে সহজে বোঝা যায় না।
ফাটল মেরামত ও সঠিক প্রতিকার দেওয়ালে ছোটখাটো চিড় বা ফাটল দেখা দিলে তাকে অবহেলা করা উচিত নয়। বৃষ্টির জল সেই ফাটল দিয়ে ভিতরে ঢুকে ড্যাম্প বাড়িয়ে দেয়। ক্র্যাক ফিলার বা উপযুক্ত সিল্যান্ট দিয়ে এই ফাটল মেরামত করা যেতে পারে। তবে ফাটল বড় হলে শুধু পুটি বা রং না করে বিশেষজ্ঞ মিস্ত্রির সাহায্য নেওয়া শ্রেয়। দেওয়াল পুরোপুরি শুকোনোর পর ড্যাম্প-রেজিস্ট্যান্ট প্রাইমার এবং ওয়াটারপ্রুফ পেইন্ট ব্যবহার করলে সুফল মেলে।
বাতাস চলাচল ও অন্যান্য সতর্কতা বর্ষার দিনে ঘরের আর্দ্রতা বাড়লে দেওয়ালের ক্ষতি আরও ত্বরান্বিত হয়। তাই ঘরের জানলা খোলা রেখে হাওয়া চলাচলের সুযোগ করে দেওয়া উচিত। বাথরুম ও রান্নাঘরে এক্সহস্ট ফ্যান ব্যবহার করলে অতিরিক্ত আর্দ্রতা কিছুটা কমানো সম্ভব। এছাড়া আসবাবপত্র দেওয়ালের গায়ে একেবারে সেঁটে না রেখে সামান্য ফাঁকা রাখলে বাতাস চলাচল ভালো থাকে। দেওয়ালে ছত্রাক বা কালো দাগ দেখা দিলে তা দ্রুত পরিষ্কার করে ঘর শুকনো রাখার ব্যবস্থা করা উচিত। সমস্যা তীব্র আকার ধারণ করলে পেশাদার বিশেষজ্ঞের পরামর্শ নেওয়াই বুদ্ধিমানের কাজ।