রাজবীর-নন্দিনীর রসায়নে মজে দর্শক, বিগ বস-এর ঘরে এবার বসন্তের ছোঁয়া!

এতদিন ‘বিগ বস’ বাংলার ঘরে কেবল ঝগড়া, অশান্তি, গালিগালাজ আর মতবিরোধের ছবিই দেখে অভ্যস্ত ছিলেন দর্শকরা। তবে রিয়েলিটি শোয়ের অন্দরে এবার আবহাওয়া বদলাতে শুরু করেছে। সমস্ত বিতর্কের অবসান ঘটিয়ে বিগ বস বাংলার সিজন ৩-এর ঘরে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে নন্দিনী দত্ত এবং ওয়াইল্ড কার্ড এন্ট্রি নেওয়া রাজবীর দে-র বিশেষ বন্ধুত্ব ও রসায়ন।
রাজবীর ও নন্দিনীর নতুন সমীকরণ শিলিগুড়ির ছেলে রাজবীর দে শোয়ে পা রেখেই নিজের দাপটে বাকি প্রতিযোগীদের কড়া প্রতিযোগিতার মুখে ফেলেছেন। বাড়ির অধিকাংশ সদস্যের সঙ্গেই তাঁর ঝামেলা বাঁধলেও, নন্দিনীর ক্ষেত্রে চিত্রটা সম্পূর্ণ আলাদা। নন্দিনীকে ‘মিষ্টি মেয়ে’ বলে সম্বোধন করা থেকে শুরু করে তাঁর হাত ধরে কথা বলা, আলাদা করে আড্ডা দেওয়া—রাজবীরের এই আচরণ নজর এড়ায়নি কারোরই। ক্যাপ্টেন্সি টাস্কে নন্দিনীকে জেতানোর জন্য তাঁর সমস্ত কৌশল প্রয়োগ করতেও দেখা গিয়েছে রাজবীরকে। এমনকী দুজনেই স্বীকার করেছেন যে তাঁরা বর্তমানে সিঙ্গল। তবে খেলার কঠিন ময়দানে এই বন্ডিং শেষ পর্যন্ত টিকে থাকে কি না, সেটাই এখন দেখার বিষয়।
সৌরভের ‘দাদার দরবার’ ও এলিমিনেশন আতঙ্ক শনিবার মানেই বিগ বস-এর ঘরে বসে ‘দাদার দরবার’। পুরো সপ্তাহ জুড়ে কে কেমন খেললেন, কার ভূমিকা সঠিক ছিল আর কার ভুল—তার চুলচেরা বিশ্লেষণ করবেন সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায়। ভালো পারফরম্যান্সের জন্য যেমন মিলবে বাহবা, তেমনই ভুলত্রুটির জন্য শুনতে হবে বকুনি। আর সবচেয়ে বড় কথা, আজই নির্ধারিত হবে কোন প্রতিযোগীর রিয়েলিটি শোয়ের যাত্রা শেষ হতে চলেছে।
ক্যাপ্টেন্সি নিয়ে নতুন অশান্তি এদিকে এই সপ্তাহে ঘরের নতুন ক্যাপ্টেন নির্বাচিত হয়েছেন তাপস-কন্যা সোহিনী পাল। ভরত কলকে সরিয়ে সোহিনী অধিনায়কত্বের দায়িত্ব নেওয়ার পরেই ঘরে শুরু হয়েছে প্রবল অসন্তোষ। রাজবীর ও নন্দিনী সহ বেশ কয়েকজন প্রতিযোগী এই সিদ্ধান্তের বিরুদ্ধে জোরালো আপত্তি জানিয়েছেন। নতুন ক্যাপ্টেনের নির্দেশ মানতে নারাজ ভরত কল ও নিরঞ্জন মণ্ডলের মতো প্রবীণ প্রতিযোগীরাও। সব মিলিয়ে উইকেন্ডের এপিসোডের আগে উত্তেজনায় ফুটছে বিগ বস-এর ঘর।