শখের বাইক-গাড়ির যত্নে তাক লাগাচ্ছেন বসিরহাটের গৃহবধূ! ফোম ওয়াশ-পলিশের ব্যবসায় এবার চমক

শখের বাইক কিংবা চারচাকা গাড়ি অনেকের কাছেই নিছক যাতায়াতের মাধ্যম নয়, বরং আবেগ ও ভালোবাসার জায়গা। তাই সাধের সেই বাহনটির সৌন্দর্য ও পরিচ্ছন্নতা বজায় রাখতে বর্তমানে ফোম ওয়াশ ও পলিশের চাহিদা তুঙ্গে। আর এই চাহিদাকেই হাতিয়ার করে নিজের একটি ব্র্যান্ড তৈরি করে স্বনির্ভরতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন বসিরহাটের ভ্যাবলা কালীবাড়ি এলাকার এক গৃহবধূ তানিয়া শীল। আধুনিক প্রযুক্তির ফোম ওয়াশ ও পলিশের মাধ্যমে তিনি পুরনো বাইক কিংবা চারচাকা গাড়িকেও নতুনের মতো ঝকঝকে রূপ দিচ্ছেন।

শুধু ওপর থেকে ধোলাই করাই নয়, গাড়ির বিভিন্ন খুটিনাটি অংশের যত্ন নিয়ে বিশেষ পদ্ধতিতে পরিচর্যা করা হয় এখানে। ফলে ব্যবহারের ফলে পুরনো হয়ে যাওয়া গাড়িতেও ফিরে আসে নতুনের মতো উজ্জ্বলতা। তবে এই পেশায় নামার আগে তিনি গুজরাতের একটি নামী সংস্থায় পেশাদার প্রশিক্ষণ নেন। সেখানে আধুনিক প্রযুক্তিতে গাড়ির ফোম ওয়াশ, পলিশ এবং ডিটেলিংয়ের নানা পদ্ধতি হাতে-কলমে শিখে তবেই নিজের এলাকায় এই উদ্যোগ শুরু করেন তিনি।

শুরুটা একেবারেই সহজ ছিল না। কিন্তু নিজের দক্ষতা, জেদ ও আত্মবিশ্বাসকে সম্বল করে তিনি ধীরে ধীরে নিজস্ব পরিচিতি তৈরি করেছেন। বর্তমানে বাইক থেকে শুরু করে বড় চারচাকা গাড়ি—নানা ধরনের যানবাহন নিয়ে তাঁর কাছে ছুটে আসছেন গ্রাহকরা। পাশাপাশি নিজের তৈরি ব্র্যান্ডটিকেও তিনি জনপ্রিয় করে তুলছেন।

তানিয়ার এই সাফল্য কেবল তাঁর নিজের উপার্জনের পথই প্রশস্ত করেনি, বরং অন্য গৃহবধূদের মধ্যেও নতুন কিছু করে দেখানোর অনুপ্রেরণা জুগিয়েছে। সংসারের হাজারো দায়িত্ব সামলিয়েও যে সঠিক প্রশিক্ষণ ও পরিশ্রমে নিজের পায়ে দাঁড়ানো যায়, তানিয়ার এই উদ্যোগ তারই সেরা উদাহরণ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *