‘তোমার বয়ফ্রেন্ড লাকি!’ বিগ বসের ঘরে পা রেখেই সৃজলা থেকে নন্দিনী— কার কার প্রেমে মজেছেন রাজবীর?

বিগ বস বাংলার অন্দরে এখন নতুন উত্তেজনার ঢেউ তুলেছেন ওয়াইল্ড কার্ড এন্ট্রি রাজবীর দে। শিলিগুড়ির এই অভিনেতা ও মডেল ঘরের মাটিতে পা রাখতেই সমীকরণ বদলাতে শুরু করেছে। অতীতে ‘রোডিজ’-এর পরিচিত মুখ রাজবীর বিগ বসের ঘরে এসেই নিজের চাল ধরতে শুরু করেছেন। তাঁর আকর্ষণীয় ব্যক্তিত্ব ও সাবলীল ফ্লার্টিংয়ের জাদুতে ইতিমধ্যেই ঘরের বেশ কয়েকজন পরিচিত প্রতিযোগী আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন।

শুরুতেই সৃজলার সঙ্গে রাজবীরের রসায়ন নজর কেড়েছে দর্শকদের। সৃজলাকে উদ্দেশ্য করে রাজবীরকে বলতে শোনা যায়, তাঁর বয়ফ্রেন্ড অত্যন্ত ভাগ্যবান এত সুন্দর একজন মানুষ পাওয়ার জন্য। জবাবে মিষ্টি হাসলেও নিজের গণ্ডি পরিষ্কার করে দেন সৃজলা। তবে তাতেও পিছু হটেননি রাজবীর। একাধিকবার সৃজলার প্রশংসায় পঞ্চমুখ হতে দেখা গিয়েছে তাঁকে।

শুধু সৃজলাই নন, এর পরেই অভিনেত্রী জয়িতা চট্টোপাধ্যায়ের সঙ্গে সমীকরণ জমিয়ে তোলেন রাজবীর। জয়িতাকে নিরাপদ রাখতে প্রতিযোগীদের সঙ্গে দর কষাকষিও করতে পিছপা হননি তিনি। সবার সামনে সাফ জানিয়ে দেন, বাকিরা যেন জয়িতাকে টার্গেট না করেন। এরপর তাঁদের মধ্যে ঘনিষ্ঠ বন্ধুত্বের ছবিও স্পষ্ট হয়েছে।

সবশেষ সংযোজন নন্দিনী। সদ্য একটি টাস্ক বা খেলার শেষে দুজনকে বিছানায় পাশাপাশি শুয়ে থাকতে দেখা যায়। নন্দিনীর হাত ধরে ফিসফিস করে কথা বলতে দেখা যায় রাজবীরকে। অন্যদিকে নন্দিনীও তাঁর শক্তি ও খেলার প্রশংসা করে প্রতিপক্ষকে কোণঠাসা করার কৌশল আঁটেন।

সব মিলিয়ে বিগ বসের ঘরে টিকে থাকার লড়াইয়ে প্রত্যেকেই নিজের মতো করে ময়দান দখলের চেষ্টা করছেন। তবে রাজবীরের এই একের পর এক সম্পর্কের সমীকরণ বদলানো আসল গেমপ্ল্যান নাকি নিছক বিনোদন, সেটাই এখন দেখার।

Saheli Saha
  • Saheli Saha

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *