‘ভেড়া বলবি না, মেরে দেব!’ বিগ বস মঞ্চে রাজবীরের সঙ্গে তুমুল ধস্তাধস্তি, চটে লাল দীপেন্দু বিশ্বাস

বাংলা বিগ বসের ঘরে এখন উত্তেজনার পারদ চড়েছে চরমে। রিয়্যালিটি শোয়ের মঞ্চে প্রবেশ করেই অন্য প্রতিযোগীদের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়েছেন ওয়াইল্ড কার্ড এন্ট্রি রাজবীর দে। এবার তাঁর একটি কটু কথাতেই ফুঁসে উঠলেন ময়দানের অতি পরিচিত মুখ, প্রাক্তন জাতীয় ফুটবলার তথা মহামেডান স্পোর্টিংয়ের ফুটবল ডিরেক্টর দীপেন্দু বিশ্বাস। কিছুদিন আগে বিগ বসের মঞ্চে এসে শোয়ের সঞ্চালক তথা সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় দীপেন্দুকে উসকে দিয়েছিলেন। তিনি মনে করিয়ে দেন, মাঠের লড়াইয়ে দীপু যেমন এক ইঞ্চি জমিও ছাড়তেন না, এই খেলায় তাঁর সেই आগ্রাসী মনোভাব দেখা যাচ্ছে না কেন। সৌরভের সেই পরামর্শের পরেই যেন ঘরের অন্দরে রূপ বদলাতে শুরু করেন শান্ত স্বভাবের এই ফুটবলার। সম্প্রতি একটি টাস্ক চলাকালীন সহ-প্রতিযোগীদের উদ্দেশে ‘ভেড়া’ বলে মন্তব্য করেন রাজবীর। সেই সময় সামনেই উপস্থিত ছিলেন ভরত কৌল, সায়ক ও মোনামির মতো তারকারা। রাজবীরের মুখে এই অপমানজনক কথা শুনে আর চুপ থাকতে পারেননি দীপেন্দু। তিনি তেড়ে গিয়ে স্পষ্ট ভাষায় জানান, তাঁকে বা অন্য কাউকে যেন আর কখনো ‘ভেড়া’ বা ‘ভেড়ার দল’ না বলা হয়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি হাতাহাতির উপক্রম হয়। রাজবীর তর্কে জড়িয়ে বলে বসেন, “ভয় কাকে দেখাচ্ছ? প্রাক্তন বিধায়ক গালি দিচ্ছে!” পালটা জবাবে দীপেন্দু নিজের রাজনৈতিক পরিচয় ঝেড়ে ফেলে গর্জে ওঠেন, “এমএলএ ছাড়। আমি জাতীয় দলে খেলেছি, সেটা বল। তুই আমাকে ভেড়া বলেছিস! ভেড়া বলবি না, মেরে দেব কিন্তু। ভয় দীপেন্দু বিশ্বাস পায় না!”মোহনবাগান ও ইস্টবেঙ্গলের হয়ে একসময়ের দাপুটে এই স্ট্রাইকার এবং বসিরহাটের প্রাক্তন বিধায়ককে এভাবে মেজাজ হারাতে দেখে তাজ্জব বনে গিয়েছেন দর্শকরাও। ফুটবল ময়দানের লড়াকু মেজাজ এবার সত্যি সত্যিই বিগ বসের চর্তুদেওয়ালের মধ্যে কতটা ঝড় তোলে, সেদিকেই নজর বিনোদনপ্রেমীদের।

Saheli Saha
  • Saheli Saha

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *