‘সরকারের মূর্খতা বাড়ছে’, শারদোৎসব বিতর্ক নিয়ে মুখ খুললেন বিকাশ, দিলেন হুঁশিয়ারি

বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে নতুন করে পারদ চড়েছে। পুজো প্রাঙ্গণে বইয়ের স্টল দেওয়া নিয়ে সিপিআইএমকে সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় দাঁড়িয়ে তিনি স্পষ্ট নির্দেশ দিয়েছেন, এবার যদি কোনো কমিউনিস্ট দল বইয়ের স্টলে ‘শারদোৎসব’ লেখে, তবে তাদের স্টল দিতে দেওয়া যাবে না। স্টল পেতে হলে নামের জায়গায় স্পষ্টভাবে ‘দুর্গাপুজো’ উল্লেখ করতেই হবে। মুখ্যমন্ত্রীর এই নির্দেশ ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

মুখ্যমন্ত্রীর এমন হুঙ্কারের পর প্রশ্ন উঠতে শুরু করেছে, তবে কি এবার পুজোর মরসুমে বইয়ের স্টল বসাতে পারবে না সিপিআইএম? এই বিষয়ে ক্ষোভ উগরে দিয়ে সিপিআইএম নেতা ও বিশিষ্ট আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বর্তমান রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেছেন। রাজ্য সরকারের বুদ্ধিমত্তা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, “যত দিন যাচ্ছে, তত এই সরকারের মূর্খতার পরিধি বাড়ছে। শারদোৎসব মানে শরৎকালের সমস্ত উৎসব, যার মধ্যে দুর্গাপূজাও একটি। এটা তো রবীন্দ্রনাথের কথা। এদের তো নিজস্ব কোনো বোধবুদ্ধি নেই, নাগপুর থেকে যা বলে এরা সেটাই বলে।”

বিকাশবাবু আরও জানান, ছোটবেলা থেকেই তাঁরা ‘শারদীয়া দুর্গাপূজা’ নামেই চাঁদা তোলার বিল কেটে আসছেন। শারদোৎসবের সঙ্গে দুর্গাপুজোর কোনো বিরোধ নেই বলেই দাবি তাঁর। সরকারকে আক্রমণ করে তিনি বলেন, “এই যারা উলঙ্গ নাগা সন্ন্যাসী নিয়ে বিশ্ববিদ্যালয়ের সামনে মিছিল করে, তাদের বোধবুদ্ধিও নাগা সন্ন্যাসীর মতো উলঙ্গই।” সরকারের বাধা সত্ত্বেও তাঁরা যে পিছু হটবেন না, তা স্পষ্ট করে তিনি জানিয়েছেন, ‘শারদোৎসব’ নামেই তাঁরা বুকস্টল করবেন। সরকার কোনো নিষেধাজ্ঞা জারি করলে তার বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও সাফ জানিয়ে দিয়েছেন এই বাম নেতা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *