২৫ হাজার পুলিশ ও ১০০-র বেশি এনএসজি কমান্ডো! বিশ্ব নেতাদের সুরক্ষায় দুর্গে পরিণত হচ্ছে রাজধানী

দিল্লিতে আসন্ন ব্রিকস সম্মেলনকে কেন্দ্র করে নজিরবিহীন ও ত্রিস্তরীয় নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে পুরো রাজধানী। বিদেশি অতিথি এবং ভিভিআইপিদের সুরক্ষার বিষয়টি সুনিশ্চিত করতে এবার আকাশ থেকে মাটি—সর্বত্র মোড়ো করা হয়েছে বিশেষ নিরাপত্তা বাহিনী। ভারত মণ্ডপমে অনুষ্ঠিত হতে যাওয়া এই আন্তর্জাতিক সম্মেলনের মূল নিরাপত্তার দায়িত্বে থাকছে ২৫ হাজারেরও বেশি পুলিশ কর্মী এবং একশোরও বেশি এনএসজি কমান্ডো।
নিরাপত্তা ব্যবস্থা কতটা আঁটোসাটো করা হয়েছে, তার প্রমাণ মিলছে অত্যাধুনিক অস্ত্রশস্ত্রের বহরে। ভিভিআইপিদের সুরক্ষায় মোতায়েন করা হয়েছে অ্যান্টি-ড্রোন সিস্টেম, অ্যান্টি-এয়ারক্রাফট গান, স্নাইপার এবং বিশেষ অ্যান্টি-সাবোটাজ টিম। আগামী কয়েক দিন নয়াদিল্লির সমস্ত গুরুত্বপূর্ণ উঁচু ভবনগুলিতে কমান্ডোদের পাহারা দিতে দেখা যাবে। বিমানবন্দরে বিদেশি অতিথিদের অবতরণ থেকে শুরু করে তাঁদের হোটেল এবং সম্মেলনস্থল পর্যন্ত প্রতিটি রুট কড়া নজরদারির আওতায় রাখা হয়েছে। আকাশপথে নিরাপত্তার জন্য ড্রোন ওড়ানোর ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
সম্মেলন চলাকালীন রাজধানীর যান চলাচলেও বড়সড় পরিবর্তন আনা হচ্ছে। ভিভিআইপি কনভয়ের যাতায়াতের জন্য দিল্লির ৩৫টিরও বেশি গুরুত্বপূর্ণ রাস্তা চিহ্নিত করা হয়েছে এবং ২২টি ডাইভারশন পয়েন্ট তৈরি রাখা হয়েছে। সর্দার প্যাটেল মার্গ, অশোকা রোড, জনপথ ও মথুরা রোডের মতো ব্যস্ত রাস্তাগুলিতে ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য প্রায় ৫ হাজার ট্রাফিক পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে। তবে দিল্লি পুলিশের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে যে, গোটা শহরে সাধারণ যান চলাচল বা মেট্রো পরিষেবা পুরোপুরি বন্ধ থাকছে না, কেবল ভিভিআইপি চলাচলের সময় নির্দিষ্ট রাস্তাগুলিতে সাময়িক নিয়ন্ত্রণ জারি করা হবে।