পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর সামনে হাতাহাতি! জমি বিবাদে জড়িয়ে ভাইরাল বিজেপি বিধায়ক রেখা পাত্র

ফের বিতর্কের কেন্দ্রবিন্দুতে সন্দেশখালির আলোচিত মুখ তথা হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র। এবার বাপের বাড়ির এলাকার ৯ বিঘা জমি সংক্রান্ত একটি দীর্ঘকালীন পারিবারিক বিবাদে জড়িয়ে পড়ার অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর সামনেই দুই পক্ষের হাতাহাতি এবং উত্তেজনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় হু হু করে ভাইরাল হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনার সন্দেশখালির বউঠাকুরানি এলাকায় রেখা পাত্রের বাপের বাড়ির প্রায় ৯ বিঘা চাষের জমি নিয়ে শরিকদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। ২০১৪ সাল থেকে চলা এই আইনি লড়াই গড়ায় কলকাতা হাইকোর্ট পর্যন্ত। প্রতিপক্ষ সুভাষ নস্কর ও তাঁর পরিবারের দাবি, আদালতের নির্দেশ মেনেই তাঁরা ওই জমিতে চাষ করার অধিকার পেয়েছেন এবং সেইমতো পুলিশ প্রশাসনের সাহায্য চেয়েছিল তারা।
তবে অভিযোগ, আদালতের নির্দেশকে পাশ কাটিয়ে সোমবার পুলিশ ও নিরাপত্তা বাহিনীকে সঙ্গে নিয়ে ওই জমিতে উপস্থিত হন বিজেপি বিধায়ক রেখা পাত্র। এরপরেই জমি থেকে চাষিদের উচ্ছেদ করা নিয়ে দুই পক্ষের মধ্যে তীব্র বচসা শুরু হয়, যা দ্রুত হাতাহাতিতে রূপ নেয়। ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা গিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতেই পরিস্থিতি চরম আকার ধারণ করেছে এবং খোদ বিধায়ককে ঘিরে তুমুল ধস্তাধস্তি চলছে।
প্রতিবেশী সুভাষ নস্করের অভিযোগ, পুলিশ প্রশাসনের একাংশ বিধায়কের পক্ষ নিয়ে তাঁদের ওপর জোরজুলুম চালিয়েছে। পুরো ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিচার ও আইনি প্রতিকার দাবি করেছেন তাঁরা। অন্যদিকে, এই স্পর্শকাতর বিষয়ে সংবাদমাধ্যমের পক্ষ থেকে যোগাযোগের চেষ্টা করা হলেও বিজেপি বিধায়ক রেখা পাত্রের তরফ থেকে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আকস্মিক এই ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে স্থানীয় রাজনৈতিক মহল।