“এনাফ ইজ এনাফ!” অভিষেকের বিরুদ্ধে বারবার এফআইআর নিয়ে হাইকোর্টে চরম ক্ষোভ প্রকাশ বিচারপতির!

তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাজ্যের বিভিন্ন থানায় দায়ের হওয়া একের পর এক এফআইআর নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। সেবাশ্রয় মেডিক্যাল ক্যাম্প সংক্রান্ত মামলায় বিচারপতি সৌগত ভট্টাচার্য্য স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, “এনাফ ইজ এনাফ!” একই সঙ্গে আদালতের নির্দেশ ছাড়া নতুন করে কোনো এফআইআর দায়ের করা যাবে না বলেও মন্তব্য করেছেন তিনি।
কী নিয়ে এই বিতর্ক?
ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘সেবাশ্রয়’ প্রকল্প নিয়ে দুর্নীতির অভিযোগ তুলেছিলেন বিজেপি নেতা অভিজিৎ দাস (ববি)। তাঁর অভিযোগ ছিল, কোনো মেডিক্যাল স্ট্যাটুটারি বোর্ডের অনুমতি না নিয়েই ওই মেডিক্যাল ক্যাম্প চালানো হয়েছে। গত ৪ এবং ১১ জুলাই এই মর্মে অভিষেকের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। মামলাটি ওঠে কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য্যর এজলাসে।
শুনানিতে কী বলল হাইকোর্ট?
মামলার শুনানিতে বিচারপতি চরম বিরক্তি প্রকাশ করে জানান, গত ২১ মে থেকে একই ধরনের ভিত্তিহীন অভিযোগ শুনে তিনি ক্লান্ত। আদালত নির্দেশ না দিলে নতুন করে এফআইআর করা যাবে না উল্লেখ করে তিনি বলেন, এটি বড় জোর চিকিৎসার গাফিলতি হতে পারে, তবে তদন্ত তদন্তের মতো চলবে। রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল রাজদীপ মজুমদার যুক্তি দেন যে প্রয়োজনীয় অনুমতি না নিয়েই ওই ক্যাম্প করা হয়েছিল এবং ড্রাগ কন্ট্রোলার সেখান থেকে ওষুধ বাজেয়াপ্ত করেছেন। যদিও বিচারপতির প্রশ্ন, অভিযোগকারী রোগী আদৌ মেডিক্যাল বোর্ডে কোনো অভিযোগ জানিয়েছেন কি না।
সব পক্ষের বক্তব্য শুনে আদালত নির্দেশ দিয়েছে যে, সেবাশ্রয় মামলায় এখনই কোনো কড়া পদক্ষেপ করা যাবে না, তবে তদন্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সব রকম সহযোগিতা করতে হবে। মামলার পরবর্তী শুনানি আগামী ২৩ নভেম্বর।