সামনে স্বয়ং অমিতাভ বচ্চন! চোখের পলকে নার্ভাস হয়ে যাওয়ায় পরিচারক যা করল, শুনে হাসি থামবে না!

জনপ্রিয় রিয়েলিটি শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’-র মঞ্চে হাজির হয়ে অমিতাভ বচ্চনকে নিয়ে এক অত্যন্ত মজার ও অতীতে ঘটে যাওয়া এক বিব্রতকর ঘটনার কথা ফাঁস করলেন বলিউড খিলাড়ি অক্ষয় কুমার। নিজের আসন্ন ছবি ‘হাইওয়ান’-এর প্রচারে কেবিসি-র সেটে এসে অমিতাভকে নিয়ে এমন এক গল্প শোনালেন, যা শুনে স্টুডিওর উপস্থিত দর্শকরা তো বটেই, খোদ অমিতাভও হেসে গড়িয়ে পড়েন।
ঠিক কী ঘটেছিল অক্ষয়ের বাড়িতে?
অক্ষয় জানান, ঘটনাটি বহু বছর আগের, যখন তিনি মুম্বইয়ের লোকহাণ্ডওয়ালায় থাকতেন। সেই সময় একদিন খোদ অমিতাভ বচ্চন অতিথি হিসেবে তাঁর বাড়িতে এসেছিলেন। সে কথা মনে করে অক্ষয় বলেন, তিনি জল পরিবেশন করার দায়িত্ব দিয়েছিলেন উত্তরপ্রদেশের এলাহাবাদের এক নতুন পরিচারককে। কিন্তু বিপত্তি বাঁধল ঠিক সেখানেই।
সামনে স্বয়ং ‘বিগ বি’-কে চোখের সামনে দেখতে পেয়ে ওই যুবক এতটাই অবাক ও নার্ভাস হয়ে যান যে তিনি নিজের উত্তেজনা কিছুতেই সামলাতে পারেননি। অক্ষয়ের কথায়, ওই কর্মীর বিশ্বাসই হচ্ছিল না যে তিনি স্বয়ং অমিতাভ বচ্চনকে জল দিচ্ছেন। এতটাই কাঁপতে শুরু করেছিলেন যে, ট্রে-র উপর রাখা চার-চারটি জলের গ্লাস একেবারে অমিতাভ বচ্চনের কুর্তার ওপর উল্টে দেন তিনি। ফলে মুহূর্তের মধ্যে বিগ বির পুরো কুর্তাটাই জলে ভিজে একাকার হয়ে যায়।
হাসির রোল কেবিসি-র সেটে
অক্ষয়ের মুখে এই অপ্রত্যাশিত ও মজার গল্প শোনার পর সেটেই উপস্থিত অমিতাভ বচ্চন, সইফ আলি খান এবং পরিচালক প্রিয়দর্শন—সকলেই হেসে ফেটে পড়েন। পুরনো দিনের সেই অদ্ভুত স্মৃতির রোমন্থন এখন সোশ্যাল মিডিয়ায় দারুণভাবে ভাইরাল হয়েছে।