১২ বছর পর ইংল্যান্ড ক্রিকেটে বিরাট চমক! সগৌরবে প্রত্যাবর্তন ঘটে গেল খ্যাপাটে কেভিন পিটারসেনের!

আন্তর্জাতিক ক্রিকেটে অবশেষে প্রত্যাবর্তন ঘটল কেভিন পিটারসেনের। তবে ব্যাটার হিসেবে নয়, একেবারে নতুন ও গুরুদায়িত্ব নিয়ে ইংল্যান্ডের সাদা বলের দলের সঙ্গে যুক্ত হচ্ছেন এই প্রাক্তন অধিনায়ক। ২০২৭ সালের একদিনের বিশ্বকাপকে সামনে রেখে কেভিন পিটারসেনকে ‘স্পেশালিস্ট মেন্টর’ হিসেবে নিয়োগ করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। আগামী ১২ মাস হেড কোচ ব্রেন্ডন ম্যাককালামের কোচিং স্টাফের অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ হয়ে কাজ করবেন তিনি।
১২ বছর পর ইংলিশ শিবিরে কেপি
২০১৪ সালে ইংল্যান্ডের হয়ে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন পিটারসেন। এরপর ২০১৮ সালে পেশাদার ক্রিকেটজীবন থেকে বিদায় নেওয়ার পর গত কয়েক বছর তাঁকে মূলত ধারাভাষ্যকার হিসেবেই দেখেছেন ক্রিকেটপ্রেমীরা। দীর্ঘ ১২ বছর পর ফের ইংল্যান্ড দলের ড্রেসিংরুমে ফিরতে পেরে বেজায় উচ্ছ্বসিত তিনি।
নতুন দায়িত্ব প্রসঙ্গে কেপি বলেন, “দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপ জেতার লক্ষ্যে এই দলের যাত্রায় সাহায্য করার সুযোগ পেয়ে আমি অত্যন্ত গর্বিত। ২০১৪ সালের পর আবার ইংল্যান্ডের জার্সি পরা এবং ম্যাককালামের থিঙ্কট্যাঙ্কের অংশ হতে পারা আমার কাছে দারুণ এক মুহূর্ত।”
ম্যাকালামের সঙ্গে জুটি ও প্রথম অ্যাসাইনমেন্ট
পিটারসেনের অন্তর্ভুক্তি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ইংল্যান্ডের হেড কোচ ব্রেন্ডন ম্যাককালামও। অতীতে দু’জনের মধ্যে মতপার্থক্য প্রকাশ্যে এলেও, সেই পুরনো বিতর্ককে দূরে সরিয়ে ম্যাককালাম স্পষ্ট জানিয়েছেন, পিটারসেনের বিশাল অভিজ্ঞতা ও ক্রিকেটীয় জ্ঞান দলের তরুণ ব্যাটারদের পারফরম্যান্সকে অন্য উচ্চতায় নিয়ে যাবে।
জানা গেছে, অস্ট্রেলিয়া সফর দিয়েই শুরু হচ্ছে পিটারসেনের এই নতুন ইনিংস। এরপর দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান এবং নিউজিল্যান্ড সিরিজের পর ২০২৭ বিশ্বকাপের মূল লড়াইয়ের আগে দলের প্রস্তুতি পর্বে খ্যাপাটে পিটারসেনের অভিজ্ঞতাকে পুরোপুরি কাজে লাগাতে চাইছে ইংলিশ শিবির।