শন-জিতুদের টপকে বিগ বসের ঘরে প্রথম ওয়াইল্ড কার্ড এন্ট্রি, কে এই রহস্যময় তরুণ?

শুরু হয়ে গিয়েছে ‘বিগ বস বাংলা’-র জমজমাট লড়াই। অনুষ্ঠান শুরুর মাত্র আটদিনের মাথায় প্রথম ওয়াইল্ড কার্ড এন্ট্রি হিসেবে ঘরের অন্দরে পা রাখলেন মডেল-অভিনেতা রাজবীর দে। শনিবার অনিন্দ্য সেনগুপ্তের পতনের পর থেকেই প্রথম ওয়াইল্ড কার্ড এন্ট্রি কে হবেন, তা নিয়ে জল্পনা তুঙ্গে ছিল। তালিকায় শন বন্দ্যোপাধ্যায়, স্যান্ডি সাহা, জিতু কমল ও জয় মুখোপাধ্যায়ের মতো জনপ্রিয় নাম থাকলেও সকলকে অবাক করে দিয়ে একেবারে আনকোরা মুখ হিসেবে এন্ট্রি নিলেন রাজবীর।
মূলত শিলিগুড়ির ছেলে হলেও বর্তমানে মুম্বই নিবাসী রাজবীর মডেলিং দুনিয়ায় বেশ পরিচিত মুখ। ২০২০ সালে অভিনয়ে হাতেখড়ি হলেও তিনি জনপ্রিয়তা পান ২০২৩ সালে জনপ্রিয় রিয়ালিটি শো ‘MTV Roadies: Karm Ya Kaand’-এ অংশ নিয়ে। এরপর একাধিক নামী ব্র্যান্ডের বিজ্ঞাপন ও ধারাবাহিকে কাজ করে সোশ্যাল মিডিয়ায় নিজের পরিচিতি তৈরি করেছেন তিনি।
রবিবার ধামাকাদার এন্ট্রির পরেই ঘরে ঢুকেই নেচে-গেয়ে সবার সঙ্গে মিশে যান রাজবীর। নতুন প্রোমোতে তাঁকে প্রতিযোগী আলেকজান্দ্রা টেলর এবং সৃজলার সঙ্গে খোশগল্পে মেতে উঠতে দেখা গিয়েছে। এদিকে প্রথম সপ্তাহে সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায়ের কড়া বার্তার পর অনিন্দ্য সেনগুপ্তর বিদায় এবং ভরত কলের ক্যাপ্টেন্সিতে ইতিমধ্যে উত্তপ্ত হয়ে রয়েছে বিগ বসের ঘর। এখন এই নতুন সদস্যের আগমন বাকি ১৪ জন প্রতিযোগীর কাছে কতটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়, সেটাই দেখার।