খামার থেকে পালিয়ে গেলো পোষা বাঘ, জারি হলো সতর্কতা

দক্ষিন আফ্রিকার জোহানেসবার্গে ব্যক্তিগত খামারবাড়ি থেকে একটি পোষা বাঘ পালিয়েছে। এরইমধ্যে তার আক্রমণে গুরুতর আহত হয়েছেন এক ব্যক্তি।
সোমবার (১৬ জানুয়ারি) থেকে নিখোঁজ বাঘটির সন্ধানে চলছে অভিযান।

সংবাদমাধ্যম সিবিএস নিউজের প্রতিবেদনে জানানো হয়, এ ঘটনার পর জোহানেসবার্গের ওয়াকারভিল এলাকায় জারি করা হয়েছে উচ্চমাত্রার সতর্কতা। স্থানীয় বাসিন্দাদের সতর্ক করা হয়েছে। সেই সাথে বিশেষ নজর রাখা হচ্ছে বাঘটির গতিবিধির উপর।

পোষা বাঘটিকে নিরাপদে আটক করতে একসাথে কাজ করছে পুলিশ ও একটি প্রাণী সংরক্ষণ গ্রুপ।

কতৃপক্ষের ধারণা, বাঘটি জঙ্গলের গভীরে লুকিয়ে আছে। গরম কমে গেলে পানি পান করতে নদীর পাড়ে আসতে পারে। তখন চেষ্টা করা হবে তাকে ধরার।

জানা গেছে, গেলো সপ্তাহে বেড়ার ফাকা অংশ দিয়ে পালিয়ে যায় ‘শেবা’ নামের সেই বাঘ। কয়েকদিনে একটি হরিণ, শুকর ও কুকুর শিকার করেছে এই বাঘ।

এসপিসিএ নামক বন্য প্রাণী সংরক্ষণ সংস্থার সঙ্গে কমিউনিটি পুলিশ বাঘটিকে নিরাপদে ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

কমিউনিটি পুলিশ গ্রুপের নেতৃত্বদানকারী গ্রেশাম ম্যান্ডি বলেছেন, প্রথমে তীরের মাধ্যমে প্রাণীটিকে শান্ত করাই আমাদের অগ্রাধিকার। তারপর বাঘটিকে নিরাপদে ফিরিয়ে আনা যাবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *