‘চিকেনস নেক’-এর নিরাপত্তায় বড় মাস্টারস্ট্রোক! শিলিগুড়ি করিডরের যোগাযোগ উন্নত করতে একঝটকায় বরাদ্দ ২০৭৭ কোটি

‘শিলিগুড়ি করিডর’ বা কৌশলগতভাবে সংবেদনশীল ‘চিকেনস নেক’-এর নিরাপত্তা সুদৃঢ় করার পাশাপাশি উত্তর-পূর্ব ভারতের সঙ্গে মূল ভূখণ্ডের সড়ক যোগাযোগ ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে এক যুগান্তকারী পদক্ষেপ করল কেন্দ্র। দার্জিলিং জেলার বাগডোগরা থেকে পানিট্যাঙ্কি এবং খড়িবাড়ি হয়ে গলগলিয়া পর্যন্ত প্রায় ৩১ কিলোমিটার দীর্ঘ ৩২৭ নম্বর জাতীয় সড়কটিকে চার লেনে উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই প্রকল্পের জন্য সড়ক পরিবহণ ও হাইওয়ে মন্ত্রকের তরফে মোট ২০৭৭.১৮ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি পোস্টে এই মেগা প্রকল্পের অনুমোদন ও তার কৌশলগত দিকগুলি বিস্তারিতভাবে তুলে ধরেছেন কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নিতিন গডকরি। এই চার লেনের নতুন সড়কটি নির্মিত হলে শুধু যে উত্তর-পূর্ব ভারতের যাতায়াত ব্যবস্থাই সুগম হবে তা নয়, পাশাপাশি প্রতিবেশী দেশ নেপাল, ভুটান এবং বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও যোগাযোগের পথও অনেকটাই মসৃণ হবে।

প্রকল্পটির রূপরেখায় সাধারণ মানুষের সুবিধার পাশাপাশি পরিবেশ এবং বন্যপ্রাণী সুরক্ষার ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। এই হাইওয়ে প্রকল্পে থাকছে তিনটি বড় সেতু, একটি রোড ওভারব্রিজ এবং রাস্তার দু’পাশে সার্ভিস রোড। জঙ্গল লাগোয়া এলাকায় বন্যপ্রাণীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে এবং হাতিসহ অন্যান্য প্রাণীর প্রাণহানি এড়াতে রাস্তার মাঝে পাঁচটি বিশেষ ‘এলিফ্যান্ট আন্ডারপাস’ তৈরি করা হবে।

এই প্রকল্প বাস্তবায়িত হলে বাগডোগরা, নকশালবাড়ি, খড়িবাড়ি এবং পানিট্যাঙ্কি এলাকার দীর্ঘদিনের যানজটের চিরতরে অবসান ঘটবে। এর ফলে বাগডোগরা বিমানবন্দরে যাতায়াতকারী যাত্রীদের আর ফ্লাইট মিস করার দুশ্চিন্তায় পড়তে হবে না। পাশাপাশি, পানিট্যাঙ্কি সীমান্ত দিয়ে নেপালে প্রবেশকারী পণ্যবাহী ট্রাকগুলির যাতায়াতের সময়ও উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে। এর জেরে চা-বাগান অঞ্চল, ফল ও সবজি উৎপাদনকারী কৃষক এবং স্থানীয় পর্যটন শিল্প দারুণভাবে উপকৃত হবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গডকরির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। পাশাপাশি, পর্যটন মন্ত্রী শংকর ঘোষ এবং শিল্প মহলের প্রতিনিধিরাও এই নতুন পরিকাঠামো উত্তরবঙ্গের অর্থনীতিতে এক বিশাল বিপ্লব ঘটাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *