‘আমরা জগিং করতে যাচ্ছিলাম!’ ২০০৮ সালের ‘টশন’ সেটে সইফ-করিনার গোপন প্রেম হাতেনাতে ধরে ফেলেছিলেন অক্ষয়?

কৌন বনেগা ক্রোড়পতি (কেবিসি)-র মঞ্চ মানেই তারকাদের নানা অজানা কিসসা এবং হাসিখুশি মুহূর্ত। সম্প্রতি সেই মঞ্চেই বলিউড তারকাদের পুরনো এক রসালো গল্প ফাঁস করে দিলেন খিলাড়ি অক্ষয় কুমার। প্রায় ১৮ বছর পর একসঙ্গে ফের জুটি বাঁধতে চলা অক্ষয় কুমার ও সইফ আলি খান এসেছিলেন তাঁদের আসন্ন ছবির প্রচারে। আর সেখানেই সঞ্চালক অমিতাভ বচ্চনের সামনে ২০০৮ সালের ছবি ‘টশন’-এর শুটিংয়ের সময়কার এক গোপন প্রেমের সিক্রেট ফাঁস করে দেন অক্ষয়, যা শুনে স্টুডিওর দর্শক থেকে শুরু করে সইফ নিজেও হাসি চেপে রাখতে পারেননি।

শো চলাকালীন অমিতাভ বচ্চন হঠাৎই সইফ আলি খান ও করিনা কাপুরের সম্পর্কের প্রসঙ্গ টেনে আনেন। বিগ বি সইফকে মনে করিয়ে দেন যে তাঁদের লাভস্টোরি শুরু হয়েছিল ওই ‘টশন’ ছবির সেটেই। সইফও লাজুক হেসে সেই কথা স্বীকার করে নেন। এরপরই অমিতাভ এই রোমাঞ্চকর সফরের সাক্ষী হিসেবে অক্ষয় কুমারের দিকে প্রশ্ন ছুড়ে দেন।

বিন্দু মাত্র রাখঢাক না করে অক্ষয় মজার ছলে সেই পুরনো দিনের স্মৃতি হাতড়ে বলেন, “আমি প্রতিদিন সকাল সাড়ে চারটে নাগাদ ঘুম থেকে উঠতাম। করিনার রুমটা ছিল আমার রুমের ঠিক পাশেই। তো একদিন হঠাৎ দেখি করিনার রুমের দরজাটা খুলে গেল ওই অত ভোরবেলা… আর এই ভদ্রলোক রুম থেকে বেরিয়ে এলেন!” অক্ষয় জানান, তিনি সইফকে দেখেই জিজ্ঞেস করেছিলেন যে তিনি সেখানে কী করছেন। সেই সময় ঘাবড়ে গিয়ে সইফ সাফাই দিয়েছিলেন যে তাঁরা নাকি দু’জনে মিলে জগিং বা মর্নিং ওয়াকে বেরিয়েছিলেন!

অক্ষয়ের মুখে সেই পুরোনো অজুহাতের কথা শুনতেই সইফ আর হাসি ধরে রাখতে পারেননি। খিলাড়ি আরও যোগ করেন, সইফ বুঝি সকালবেলা করিনাকে ঘুম থেকে জাগাতে গিয়েছিলেন যাতে তাঁরা একসঙ্গে হাঁটতে যেতে পারেন। অক্ষয়ের এই রসিকতা শুনে কেবিসি-র সেটজুড়ে হাসির রোল পড়ে যায়।

উল্লেখ্য, ২০০৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘টশন’ ছবির শুটিং চলাকালীনই সইফ ও করিনার মধ্যে বন্ধুত্বের গণ্ডি পেরিয়ে প্রেমের সম্পর্ক তৈরি হয়। দীর্ঘ প্রেমের পর ২০১২ সালে তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন। আজ তাঁদের দুই পুত্রসন্তান—তৈমুর ও জাহাঙ্গীর। তবে কেবিসি-র মঞ্চে অক্ষয়ের এই খুনসুটিভরা স্মৃতিচারণা যে আজও ভক্তদের নস্টালজিয়া উসকে দিয়েছে, তা বলাই বাহুল্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *