শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর? ডিএ জটিলতা কাটাতে সুপ্রিম কোর্টের নির্দেশে বসছে ইন্দু মালহোত্রা কমিটি

আটকে থাকা মহার্ঘভাতা (DA) ও বকেয়া ডিএর জটিলতা নিরসনে এবার বড় পদক্ষেপ। আগামী ১২ সেপ্টেম্বর দিল্লিতে একটি গুরুত্বপূর্ণ বৈঠক ডাক হয়েছে, যেখানে সুপ্রিম কোর্টের নির্দেশে ইন্দু মালহোত্রা কমিটি রাজ্য সরকারি কর্মচারীদের প্রতিনিধিদের সাথে বসতে চলেছে। বিকেল ৫টায় এই বৈঠকে ১০ জন প্রতিনিধি অংশ নেবেন, যাঁরা সরাসরি তাঁদের দাবি-অভিযোগ তুলে ধরবেন।

বর্তমানে বহু রাজ্যকর্মচারী এবং অবসরপ্রাপ্ত কর্মচারী এখনও বকেয়া ডিএ পাননি। পাশাপাশি, সরকারি স্কুলের শিক্ষক ও শিক্ষাকর্মীদেরও মহার্ঘভাতা ও তার বকেয়া আটকে রয়েছে। এই বৈঠকের মাধ্যমে ডিএ সংক্রান্ত সব ইস্যুরই সমাধানের পথ খোঁজার চেষ্টা করা হবে বলে আশা করা যাচ্ছে।

অন্যদিকে, এই সমস্যা এতটাই জটিল আকার নিয়েছে যে এবার হাইকোর্টও ক্ষোভ প্রকাশ করেছে। সরকারি স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীদের ডিএ ও বকেয়া ডিএ কীভাবে দেওয়া হবে, তা জানাতে রাজ্য সরকারকে ১১ সেপ্টেম্বরের মধ্যে অবস্থান স্পষ্ট করতে নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। এই নির্দেশ এসেছে ABTA-এর করা মামলার পরিপ্রেক্ষিতে।

প্রসঙ্গত, সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গ সরকার জানিয়েছিল যে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘভাতার ৬৫ শতাংশ ইতিমধ্যেই দেওয়া হয়েছে এবং বাকি অংশ দেওয়ার প্রক্রিয়া চলছে। কিন্তু সমস্যা হল, সরকারি কর্মীদের একাংশ ডিএ পেলেও সরকারপোষিত স্কুলগুলির শিক্ষক ও শিক্ষাকর্মীরা এখনও পর্যন্ত তাঁদের পাওনা বকেয়া পাননি। ফলে তাঁরা আদৌ এই টাকা পাবেন কি না, তা নিয়েই তৈরি হয়েছে সন্দেহ ও উদ্বেগ। আগামীকাল হাইকোর্টে রাজ্যের বক্তব্য এবং ১২ সেপ্টেম্বরের বৈঠকই এখন সবার চোখ রাখবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *