আন্তর্জাতিক বিনিয়োগ আর এআই প্রযুক্তির হাত ধরে বিরাট বদল! কর্ণাটককে নিয়ে কেন্দ্রের বড় মাস্টারপ্ল্যান

প্রযুক্তি, বিনিয়োগ এবং নতুন উদ্ভাবনের ক্ষেত্রে আন্তর্জাতিক অংশীদারিত্ব আরও সুদৃঢ় করতে কর্ণাটকে সফরে এলেন দেশের শীর্ষস্থানীয় দুই কূটনীতিক। লস অ্যাঞ্জেলেসের ভারতীয় কনসাল জেনারেল অ্যাম্বাসাডর ডঃ কে. জে. শ্রীনিবাস এবং আজারবাইজানে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত অভয় কুমার রাজ্য সরকারের একাধিক মন্ত্রী ও উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে উচ্চ-পর্যায়ের বৈঠকে অংশ নেন। কর্ণাটককে মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়েস্ট কোস্টের মতো বিশ্বের সেরা টেক-হাবগুলোর সমকক্ষ করে তুলতে এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

মুখ্যমন্ত্রী ও মন্ত্রীদের সঙ্গে বৈঠক: সফরকালে এই প্রতিনিধি দলটি কর্ণাটকের রাজ্যপাল থাওয়ার চাঁদ গেহলট এবং মুখ্যমন্ত্রী ডি. কে. শিবকুমারের সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে রাজ্যের ক্রমবর্ধমান আন্তর্জাতিক পরিচিতি, প্রযুক্তি ও শিল্পক্ষেত্রের দক্ষতা এবং বিশ্বমানের অর্থনৈতিক কেন্দ্রগুলির সঙ্গে পার্টনারশিপ বাড়ানোর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

এরপর তাঁরা রাজ্যের আইটি-বায়োটেকনোলজি মন্ত্রী প্রিয়াঙ্ক খাড়গে, বড় ও মাঝারি শিল্পমন্ত্রী এম. বি. পাটিল, শক্তি ও পর্যটন মন্ত্রী কে. জে. জর্জ এবং পরিবহণ মন্ত্রী বৈরাথী সুরেশের সঙ্গেও পৃথকভাবে বৈঠক করেন। আন্তর্জাতিক স্তরে রাজ্যের উপস্থিতি জোরালো করা, স্টার্টআপ ইকোসিস্টেমকে উৎসাহিত করা এবং পর্যটনের সম্ভাবনা বিশ্বমঞ্চে তুলে ধরাই ছিল এই আলোচনার মূল লক্ষ্য।

এআই প্রযুক্তি ও অ্যারোস্পেস পরিদর্শণ: সফরের অন্যতম প্রধান আকর্ষণ ছিল প্রযুক্তি ও উদ্ভাবনের ক্ষেত্রটি খতিয়ে দেখা। কূটনীতিকরা বেঙ্গালুরুর বিখ্যাত ‘সর্বম এআই’ (Sarvam AI) সংস্থা পরিদর্শন করেন এবং ভারতের নিজস্ব এআই ইকোসিস্টেম, দেশীয় এআই মডেল ও বহুভাষিক প্রযুক্তির অগ্রগতি স্বচক্ষে দেখেন। পাশাপাশি, তাঁরা কর্ণাটক অ্যারোস্পেস পার্ক এবং সেন্টাম ইলেকট্রনিক্স ঘুরে দেখেন। প্রতিরক্ষা ইলেকট্রনিক্স এবং অ্যাডভান্সড ম্যানুফ্যাকচারিং-এর ক্ষেত্রে রাজ্য কতটা এগিয়েছে, তা খতিয়ে দেখেন তাঁরা।

লস অ্যাঞ্জেলেসের ভারতীয় কনস্যুলেট জানিয়েছে, কর্ণাটককে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার প্রথম সারির প্রযুক্তি কেন্দ্রগুলির সঙ্গে যুক্ত করতে এবার প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ নেওয়া হবে। এর ফলে দুই অঞ্চলের মধ্যে বিনিয়োগ ও প্রযুক্তিগত আদান-প্রদান আরও বহুগুণ বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *