ব্রিটিশ সাম্রাজ্য কাঁপানো সেই উপন্যাসের শতবর্ষ! পুজোয় আসছে সৃজিতের ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’

একটি বই— যার ভয়ে কেঁপে উঠেছিল গোটা ব্রিটিশ সাম্রাজ্য। যার পাতায় পাতায় ছিল শাসকের বিরুদ্ধে প্রশ্ন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ আর স্বাধীনতার জন্য জেগে ওঠার ডাক। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সেই কালজয়ী উপন্যাস ‘পথের দাবী’-র শতবর্ষের প্রাক্কালে বড়পর্দায় আসছে এক ঐতিহাসিক যুদ্ধ। প্রকাশ্যে এল সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত বহু প্রতীক্ষিত ছবি ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’-এর টিজার। নন্দী মুভিজ প্রযোজিত এই ছবি মুক্তি পাচ্ছে চলতি বছরের দুর্গাপুজোয়।

টিজারের শুরুতেই ধরা পড়েছে এমন এক সময়, যেখানে সাহিত্য, রাজনীতি, সাম্রাজ্যবাদ আর স্বাধীনতার আকাঙ্ক্ষা এক সুতোয় বাঁধা। ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে এক লেখকের চিন্তা ও কলমের সংঘাতের এক অনন্য অধ্যায় ফুটিয়ে তুলবে এই ছবি। ‘পথের দাবী’-র কিংবদন্তি বিপ্লবী চরিত্র সব্যসাচী মল্লিক এই ছবির অন্যতম প্রধান আকর্ষণ। বাস্তব ইতিহাস এবং সাহিত্যের কল্পজগতের সীমানায় দাঁড়িয়ে ছবিটি ফিরে দেখবে স্বাধীনতা সংগ্রামের সেই উত্তাল দিনগুলি, যখন একটি কলমও হয়ে উঠতে পারত সাম্রাজ্যের বিরুদ্ধে প্রতিবাদের সবচেয়ে বড় হাতিয়ার।

ছবিটি নিয়ে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের মন্তব্য, “আমার কাছে ‘এম্পেরর ভার্সেস শরৎচন্দ্র’ হল এমন এক চিরন্তন গল্প, যেখানে আন্ডারডগ হল কলম আর তার প্রতিপক্ষ অত্যাচারী তলোয়ার।”

তারকা খচিত ক্যানভাস ও মিউজিক ডিরেক্টর সৃজিত প্রদীপ কুমার নন্দী প্রযোজিত এই ছবিতে অভিনয় করেছেন একঝাঁক তারকা। আবির চট্টোপাধ্যায়, টোটা রায়চৌধুরী এবং মিমি চক্রবর্তী ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে দিব্যাণী মণ্ডল, ঋক চট্টোপাধ্যায়, দেবপ্রিয় মুখোপাধ্যায়, সঞ্জয় নাগ, কৌশানী মুখোপাধ্যায় এবং কাঞ্চন মল্লিককে।

এই ছবির মাধ্যমেই পরিচালক সৃজিত মুখোপাধ্যায় প্রথমবার মিউজিক কম্পোজার হিসেবে ডেবিউ করছেন। ছবির সঙ্গীত ও সাউন্ডট্র্যাকের দায়িত্ব সামলানোর পাশাপাশি ব্যাকগ্রাউন্ড স্কোর করেছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। ইন্দ্রনাথ মারিকের ক্যামেরার জাদুতে ছবির সেই উত্তাল সময় এবং বৃহৎ ক্যানভাস জীবন্ত হয়ে উঠেছে পর্দায়। ইতিহাস, সাহিত্য আর বিপ্লবের এই বিস্ফোরক মেলবন্ধন দেখতে যে দর্শকরা মুখিয়ে থাকবেন, তা বলাই বাহুল্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *