আর নিজের পছন্দমতো সেকশন নয়! এসএসসি সিজিএল-এর নতুন নিয়মে মাথায় হাত পরীক্ষার্থীদের

স্টাফ সিলেকশন কমিশনের (এসএসসি) অত্যন্ত গুরুত্বপূর্ণ কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল (সিজিএল) নিয়োগ পরীক্ষার ধরনে বড়সড় পরিবর্তন আনা হয়েছে। প্রতি বছর লক্ষাধিক চাকরিপ্রার্থী এই প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নেন। তবে ২০২৬ সালের জুন মাস থেকে পরীক্ষার নতুন নিয়ম কার্যকর হওয়ায় পরীক্ষার্থীদের প্রস্তুতিতে এবার বড় ধাক্কা লাগতে পারে।
নতুন নিয়ম অনুযায়ী, এসএসসি সিজিএল-এর টিয়ার ১ এবং টিয়ার ২ উভয় পরীক্ষাতেই প্রশ্ন সমাধানের ক্ষেত্রে নির্দিষ্ট বিভাগভিত্তিক বা সেকশন-ওয়াইজ সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে। পুরোনো নিয়মে প্রার্থীরা নিজেদের সুবিধা মতো যেকোনো বিষয় বা সেকশন আগে সমাধান করতে পারতেন এবং কঠিন বা সহজ প্রশ্ন বেছে নেওয়ার স্বাধীনতা ছিল। টিয়ার ১-এ ১০০টি প্রশ্নের জন্য ৬০ মিনিটের সামগ্রিক সময় এবং টিয়ার ২-এর সেকশন ১ ও ২-এ ১৩০টি প্রশ্নের জন্য ২ ঘণ্টার যৌথ সময় বরাদ্দ থাকলেও কোনো কঠোর বিষয়ভিত্তিক বা সেকশনভিত্তিক বাউন্ডারি ছিল না।
কিন্তু সংশোধিত নতুন নিয়ম অনুযায়ী, টিয়ার ১ পরীক্ষায় এখন প্রতিটি নির্দিষ্ট বিষয়ের জন্য ১৫ মিনিট করে সময় বেঁধে দেওয়া হয়েছে। একইভাবে টিয়ার ২ পরীক্ষার ক্ষেত্রেও সেকশনভিত্তিক কঠোর সময়সীমা আরোপ করা হয়েছে। ফলে প্রার্থীরা এখন থেকে আর নিজেদের ইচ্ছেমতো সময় খরচ করে বা পছন্দমতো ক্রমে প্রশ্ন সমাধান করতে পারবেন না। প্রতিযোগিতামূলক এই পরীক্ষায় সফল হতে হলে চাকরিপ্রার্থীদের এখন থেকেই এই নতুন সময় বিভাজনের কথা মাথায় রেখে নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নিতে হবে।