দেখতে কালো নাকি লালচে? তাল কিনতে বাজারে যাওয়ার আগে অবশ্যই জেনে নিন এই ৪টি জাদুকরী টিপস

জন্মাষ্টমী মানেই গোপালের ভোগে তালের বড়া, ক্ষীর কিংবা মুচমুচে ফুলুরি। এই সময়ে বাজারে গেলেই চারিদিকে পাকা তালের মেলা বসে। তবে অনেক উৎসাহ নিয়ে তাল কিনে এনে রস বের করার পর যদি দেখা যায় সেটি তেঁতো, তবে পুজোর সমস্ত আয়োজনই মাটি হয়ে যায়। উপর থেকে দেখে সমস্ত তাল একই রকম মনে হলেও, কোনটা গাছ-পাকা মিষ্টি আর কোনটা কষাটে, তা চিনে নেওয়া খুব একটা কঠিন নয়। বাজারে যাওয়ার আগে কয়েকটি সহজ বিষয় মাথায় রাখলেই নিখুঁত তাল বেছে নেওয়া সম্ভব।

রং দেখে ভুল করবেন না: অনেকেই মনে করেন লালচে বা হলুদ রঙের তাল বেশি মিষ্টি হয়, যা সম্পূর্ণ ভুল ধারণা। বিশেষজ্ঞদের মতে, ভালো ও গাছ-পাকা মিষ্টি তালের গায়ের রং হয় কুচকুচে ঘন কালো। গায়ে লালচে আভা থাকলে বুঝতে হবে সেটি পুরো পাকেনি বা পাকার আগেই গাছ থেকে পেড়ে নেওয়া হয়েছে। তাই সবসময় গাঢ় কালো রঙের তাল বাছুন।

আকার নয়, ওজন দেখে কিনুন: বাইরে থেকে মস্ত বড় তাল দেখলেই কেনার লোভ সংবরণ করুন। মিষ্টি তালের আসল চাবিকাঠি লুকিয়ে থাকে তার ওজনে। তাল আকারে ছোট বা মাঝারি হলেও হাতে নিয়ে যদি ভারী মনে হয়, তবে বুঝবেন ভেতরে রস ও শাঁস ভরপুর রয়েছে। তাল গোলগাল হলে এবং গায়ে সুতোর মতো সাদা দাগ থাকলে তা মিষ্টি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।

বোঁটার সুবাস খেয়াল করুন: খাঁটি পাকা তালের মিষ্টি সুবাসই তার আসল পরিচয়। তালের বোঁটা বা মাথার দিকটা একটু ভালো করে লক্ষ্য করুন। হালকা চাপ দিতেই বোঁটা যদি আলগা হয়ে খুলে যায়, তবে বুঝবেন তালটি স্বাভাবিক নিয়মেই গাছে পেকেছে। বোঁটার কাছে নাক নিয়ে যদি কোনো মিষ্টি সুবাস না পান কিংবা টক বা কষা গন্ধ লাগে, তবে সেই তাল এড়িয়ে চলাই শ্রেয়।

তেতো ভাব কাটানোর অভিনব ফন্দি: যে তালের খোসা কিছুটা অমসৃণ, তা মিষ্টি হওয়ার সম্ভাবনা বেশি। একেবারে তেলতেলে মসৃণ খোসার তাল কেনা থেকে বিরত থাকুন। তবে কোনো কারণে তালের রস তেঁতো বেরোলেও হতাশ হওয়ার কিছু নেই। রসে সামান্য নুন ও জল মিশিয়ে একটি পাতলা সুতির কাপড়ে এক থেকে দুই ঘণ্টা ঝুলিয়ে রাখলেই সমস্ত তিতকুটে জল ঝরে যাবে এবং রস একদম খাওয়ার উপযোগী ও মিষ্টি হয়ে উঠবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *