পুজোর মরশুমে টানা কদিন বন্ধ থাকবে শিক্ষাপ্রতিষ্ঠান? রইল ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা

বছর বদলের সঙ্গে সঙ্গেই রাজ্যের প্রশাসনিক নিয়ম ও ছুটির তালিকাতেও এসেছে বদল। নতুন বছরের ক্যালেন্ডার প্রকাশ পেতেই পড়ুয়া, অভিভাবক এবং শিক্ষক মহলে শুরু হয়েছে জল্পনা—এবারের দুর্গাপুজোয় স্কুল-কলেজগুলি ঠিক কতদিনের ছুটি পেতে চলেছে?সরকারি ছুটির তালিকা বলছে, ২০২৬ সালে দুর্গাপুজোর আমেজ শুরু হয়ে যাবে বেশ আগে থেকেই। মহাচতুর্থী অর্থাৎ ১৫ অক্টোবর, বৃহস্পতিবার থেকেই ছুটির খাতা খুলছে। এর পরের দুদিন অর্থাৎ ১৬ অক্টোবর শুক্রবার মহাপঞ্চমী এবং ১৭ অক্টোবর শনিবার মহাষষ্ঠীর ছুটি রয়েছে। ১৮ অক্টোবর রবিবার মহাসপ্তমী পড়ায় ওই দিন এমনিতেই সাপ্তাহিক ছুটি। এর ঠিক পরেই ১৯ অক্টোবর সোমবার মহাষ্টমী, ২০ অক্টোবর মঙ্গলবার মহানবমী এবং ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমীর মূল পর্বের ছুটি নির্ধারিত রয়েছে। তবে পুজোর কদিন মণ্ডপে ঘুরে বেড়ানোর আনন্দ এখানেই শেষ হচ্ছে না। রাজ্য সরকারের তালিকা অনুযায়ী, পুজোর পরেও অতিরিক্ত ছুটির সুবিধা মিলবে। ২২ ও ২৩ অক্টোবর বৃহস্পতিবার ও শুক্রবার অতিরিক্ত ছুটির উল্লেখ রয়েছে। এর পরের দিন ২৪ অক্টোবর শনিবারও অতিরিক্ত ছুটি রাখা হয়েছে। এর মাঝে ২৫ অক্টোবর রবিবার লক্ষ্মীপুজো এবং পরের দিন ২৬ অক্টোবর সোমবার লক্ষ্মীপুজো উপলক্ষে আরও একটি অতিরিক্ত ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে সব মিলিয়ে সরকারি ক্যালেন্ডার অনুযায়ী ১৫ অক্টোবর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত দীর্ঘ ছুটির একটা সুযোগ তৈরি হচ্ছে। তবে মনে রাখা দরকার, সরকারি সাধারণ ছুটির তালিকা এবং স্কুল-কলেজের নিজস্ব অ্যাকাডেমিক ক্যালেন্ডার সবসময় হুবহু এক নাও হতে পারে। শিক্ষা প্রতিষ্ঠান বা সংশ্লিষ্ট দফতরের পৃথক বিজ্ঞপ্তি অনুযায়ী ক্লাস শুরুর দিন বদলাতে পারে। যদিও পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের ছুটির তালিকাতেও পুজোর ছুটি ১৫ অক্টোবর থেকে ২৬ অক্টোবর পর্যন্তই দেখানো হয়েছে। তাই আগামী দিনে পরিবার নিয়ে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা থাকলে, এখনই ছুটির এই দিনগুলো দেখে ছক কষে নিতে পারেন অভিভাবকরা।