মেয়াদ ফুরিয়েছে সার্টিফিকেটের, ভেতরে মিলল বেআইনি এলপিজি সিলিন্ডার! চরম বিপাকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসকে ঘিরে নতুন করে রাজনৈতিক ও প্রশাসনিক বিতর্ক শুরু হয়েছে। সোমবার ওই কার্যালয়ে ফায়ার অডিট চালানোর পর অগ্নিসুরক্ষায় ব্যাপক গাফিলতির অভিযোগ তুলেছে দমকল বিভাগ। প্রাথমিক তদন্তের পরই ওই ভবনের ৭ ও ৮ তলা অবিলম্বে খালি করার নির্দেশ দিয়ে কড়া নোটিস জারি করা হয়েছে।

দমকল সূত্রে জানা গিয়েছে, ওই ভবনের অগ্নিসুরক্ষার সার্টিফিকেট বা ফায়ার সেফটি সার্টিফিকেট-এর মেয়াদ গত ১০ আগস্টই শেষ হয়ে গিয়েছে। অথচ কোনো বৈধ সার্টিফিকেট ছাড়াই ভবনটি ব্যবহার করা হচ্ছিল বলে অভিযোগ। ফায়ার অডিটের সময় বেশ কিছু গুরুতর ত্রুটি ধরা পড়ে। অভিযোগ উঠেছে, অনুমোদিত নকশা না মেনে ড্রাইভওয়ের জায়গায় একটি অবৈধ কাঠামো তৈরি করা হয়েছিল। এছাড়া ৭ তলার কিচেন ও ক্যাফেটেরিয়া এলাকায় বেশ কিছু এলপিজি সিলিন্ডার পাওয়া গিয়েছে, যেগুলির অনুমোদন ছিল না। সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হলো, জরুরি পরিস্থিতিতে ভবন থেকে বাইরে বেরিয়ে আসার জন্য মাত্র একটিই পথ রয়েছে, যা বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি বাড়াতে পারে। একদিকে থানায় ম্যারাথন জেরা এবং অন্যদিকে এই দমকলের নোটিস—সব মিলিয়ে জোড়া ফলায় রাজনৈতিক অস্বস্তি আরও বাড়ল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *