চলতি বছর আক্রান্ত অর্ধেকেরও কম! ডেঙ্গির প্রকোপ রুখতে রাজ্যবাসীকে কী বিশেষ নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী?

রাজ্যে লাফিয়ে বাড়ছে মশা বাহিত রোগের প্রকোপ। ডেঙ্গি পরিস্থিতি পর্যালোচনা করতে মঙ্গলবার স্বাস্থ্যভবনে একটি উচ্চপর্যায়ের জরুরি বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, গত বছরের এই সময়ের তুলনায় এ বছর ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৫০ শতাংশেরও কম থাকলেও, আগামী ১৫ অক্টোবর পর্যন্ত পরিস্থিতি নিয়ে কোনোভাবেই শিথিলতা দেখাতে নারাজ সরকার।
এদিনের বৈঠকে মুখ্যমন্ত্রীর তরফে বেশ কিছু স্পষ্ট ও কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। তিনি জানান, পর্যাপ্ত পরিমাণে টেস্টিং কিট মজুত রাখা হয়েছে। সামান্য জ্বর হলেও তা অবহেলা না করে, দুদিনের বেশি জ্বর থাকলেই বিনামূল্যে পরীক্ষা করানোর ওপর জোর দিতে হবে। পাশাপাশি, কোনো নির্দিষ্ট পাড়ায় দু-তিনজন ডেঙ্গি আক্রান্তের সন্ধান মিললেই অবিলম্বে সেখানে ফগিং মেশিন ব্যবহার করে লার্ভানাশক ছড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। আক্রান্ত রোগীদের পাশাপাশি তাঁদের পরিবারের সদস্যদের স্বাস্থ্য সুরক্ষার ওপর নজর রাখতে এবং সেপ্টেম্বর মাসজুড়ে ‘ডেঙ্গু সচেতনতা মাস’ হিসেবে জোরকদমে প্রচার চালাতে সমস্ত দফতরকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।