“সবাই ল্যাম্পপোস্ট ছিল, একটাই তো পোস্ট!” সমবায় নিয়ে নাম না করে মমতাকে চরম আক্রমণ শুভেন্দুর

সমবায় আন্দোলনকে দীর্ঘ ১৫ বছর ধরে অবহেলা করার অভিযোগ তুলে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার মধ্যগ্রামে মহিলা সোসাইটির ৩৪ বছরের পূর্তি অনুষ্ঠানে উপস্থিত হয়ে রাজ্য অর্থনীতির ক্ষেত্রে সমবায়ের গুরুত্ব যেমন তুলে ধরেন, তেমনই বিগত সরকারের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ আনেন তিনি।

এদিন সমবায় ইস্যুতে নাম না করে পুরনো প্রশাসনকে নিশানা করে মুখ্যমন্ত্রী বলেন, “পশ্চিমবঙ্গে দুর্ভাগ্যজনক হলেও সত্যি, গত ১৫ বছরের সমবায় আন্দোলন অবহেলিত হয়েছে। কিছুটা সময় ওই সরকারের সঙ্গে আমিও ছিলাম। কী করবেন, সবাই তো ল্যাম্পপোস্ট ছিল, একটাই তো পোস্ট। বুঝালেও বুঝত না। কেউ কিছু বলতে গেলেই বলত, আমি তো সব জানি। আমি বলি অনেক কিছুই জানি না, অনেক কিছু শিখছি।”

অনুষ্ঠান থেকে অতীতের ব্যর্থতার খতিয়ান তুলে ধরে মুখ্যমন্ত্রী আরও বলেন, বিগত দিনের সমবায় আন্দোলন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজ্যে ছ হাজারের বেশি সমবায় সমিতি রয়েছে, যার মধ্যে প্রায় দু হাজার সমিতি বর্তমানে কাজই করছে না। একসময়ে ইঞ্জিনিয়ার্স কো-অপারেটিভ তৈরি হলেও সবাইকে তো চাকরি দেওয়া সম্ভব নয়। ২৫ শতাংশের যে কোটা চালু ছিল, তা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। এমনকি রাজ্য সমবায়ে গত ১২ বছর ধরে এবং প্রাথমিক সমিতিতেও কোনও নির্বাচন অনুষ্ঠিত হয়নি। সমবায় কী জিনিস, তা যেমন তৎকালীন সরকার জানার চেষ্টা করেনি, তেমনই একে এগিয়ে নিয়ে যাওয়ারও কোনো সদিচ্ছা ছিল না বলে অভিযোগ করেন তিনি।

সমবায় ব্যবস্থাকে দেশের অর্থনীতির চতুর্থ স্তম্ভ হিসেবে ব্যাখ্যা করে মুখ্যমন্ত্রী বলেন, সমবায় হল মূলত বিকল্প অর্থনীতি। লোকসভা সরকার ও রাজ্য সরকারের পাশাপাশি পঞ্চায়েত, পৌরসভা এবং সমবায় ব্যবস্থা সংবিধানে স্বীকৃতি লাভ করায় এটি চতুর্থ সরকার হিসেবে কাজ করে। যত বেশি সমবায়কে মজবুত করা যাবে, অর্থনীতির নতুন দিগন্ত তত বেশি উন্মোচিত হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *