SPORTS: এবার মেসিকে কিনতে চায় সৌদির আরেক বিখ্যাত ক্লাব, অর্থ দেবে রোনালদোর দ্বিগুণ
ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো এবার আল নাসেরের প্রতিদ্বন্দ্বী ক্লাব আল হিলালও এবার মাঠে নেমেছে। তারা এবার নিজেদের ডেরায় ভেরাতে চায় মেসিকে। এ জন্য তারা রোনালদোর চেয়ে দ্বিগুণেরও বেশি অর্থের প্রস্তাব দিয়েছে খোদ মেসিকে।
যার পরিমাণ ৩৫০ মিলিয়ন ডলার। তাও মাত্র এক বছরে! স্প্যানিশ পত্রিকা মুন্ডো দেপোর্তিভো এ তথ্য জানিয়েছে।
পিএসজির সঙ্গে মেসির বর্তমান চুক্তির মেয়াদ রয়েছে আর মাত্র ৬ মাস। এখন পর্যন্ত পিএসজির সঙ্গে নতুন চুক্তির ব্যাপারে একমত হতে পারেননি আর্জেন্টাইন তারকা।
চুক্তি বাড়ানো না হলে আগামী জুনেই পুনরায় ফ্রি এজেন্ট হবেন বিশ্বকাপজয়ী এই তারকা। তবে কী আর ফ্রান্সের থাকতে চাচ্ছেন না মেসি!
স্প্যানির সংবাদপত্র মার্কা জানিয়েছে, সৌদির ক্লাব আল হিলাল এবং আল ইত্তিহাদ মেসিকে দলে নেওয়ার ব্যাপারে আগ্রহ দেখিয়েছে। মেসির এজেন্টের সঙ্গে কথা বলছে তারা। দুই ক্লাবেরই প্রস্তাবের পরিমাণ রোনালদোর চেয়ে দ্বিগুণ।
শুধু সৌদির দুই ক্লাবই নয় আরও দুটি ক্লাব মেসিকে পেতে আগ্রহী। তার মধ্যে একটি হলো তার পুরোনো ক্লাব বার্সেলোনা। দ্বিতীয়টি যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগের ক্লাব ইন্টার মিয়ামি।
কিন্তু এই দুই ক্লাবের পক্ষে সৌদির ক্লাবের সমান টাকা দেওয়ার ক্ষমতা হয়তো নেই। তাই আগ্রহ দেখালেও লড়াইয়ে পিছিয়ে রয়েছে তারা।
সুতরাং, মেসি যদি প্যারিস ছেড়ে যান তা হলে তিনি সৌদির কোনো ক্লাবে হয়তো যাবেন।
এদিকে পিএসজি সূত্রে জানা গেছে, এরই মধ্যে নতুন চুক্তির বিষয়ে ক্লাবকে মৌখিক সম্মতি জানিয়েছেন মেসি। যদিও পুরনো চুক্তির মেয়াদ রয়েছে এখনো। সেই চুক্তি শেষ হলেই মেসির চুক্তির মেয়াদ বাড়বে বলে দাবি পিএসজির এক কর্মকর্তার।