পড়ালেখা ফেলে বানাচ্ছিলেন ভিডিও, মা বকা দেওয়ায় ছাত্রী করলো আত্মহত্যা

পড়ালেখা না করে বানাচ্ছিলেন ফেসবুক ভিডিও। এ নিয়ে মা বকুনি দিতেই অভিমানে আত্মহত্যা করে নবম শ্রেণির ছাত্রী।
শনিবার (১৪ জানুয়ারি) মুর্শিদাবাদের বড়ঞা এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায় আত্মহত্যা করা ওই ছাত্রীর নাম ঋতু বাগদী (১৪)। বড়ঞার বাহাদুরপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিল সে।

রিল বানিয়ে সমাজমাধ্যমে শেয়ার করত ঋতু। সেগুলো বেশ জনপ্রিয়ও হচ্ছিল। তাই বেশি করে ভিডিও বানাচ্ছিল ওই ছাত্রী।

তার পরিবার জানায়, শুক্রবার দুপুরে সমাজমাধ্যম ভিডিও পোস্ট করবে বলে তৈরি হচ্ছিল ঋতু। মায়ের সাজগোজের জিনিস নিয়ে তৈরি হচ্ছিল সে। এটা দেখে মেয়েকে বকুনি দিয়েছিলেন মা।

বকুনি খেয়ে শেষমেশ ভিডিও করা বন্ধ করে দেয় মেয়েটি। পরে মা বাইরে গেলে ঘরের দরজা বন্ধ করে দেয় কিশোরী। ফিরে এসে কিশোরী মেয়ের ঝুলন্ত দেহ দেখতে পান মা। তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন। মেয়েটিকে উদ্ধার করে বড়ঞা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ওই ছাত্রীর মা বলেন, ‘‘পড়াশোনার ক্ষতি হবে বলে ওকে ভিডিও করতে নিষেধ করতাম। তার জন্য যে এমন কাণ্ড ঘটাবে, তা কল্পনাও করতে পারিনি।’’

মুর্শিদাবাদের পুলিশ সুপার সুরিন্দর সিংহ বলেন, ‘‘এমন একটি ঘটনার খবর পেয়েছি। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ।’’

সূত্র: আনন্দবাজার

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *