ভারতের প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা রয়েছে মমতার: অমর্ত্য সেন
প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা রয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর। কোনো তৃণমূল নেতা নন, এই মন্তব্য করছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন।
অমর্ত্য সেন বলেন, আসন্ন লোকসভা নির্বাচনে যদি বিজেপি পরাজিত হয়, তাহলে বড় ভূমিকা থাকবে আঞ্চলিক দলগুলোর। সংবাদমাধ্যম পিটিআইকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে এমনই বললেন তিনি।
অর্থনীতিবিদ বলেন, যদি মনে করা হয় ২০২৪ সালের লোকসভা নির্বাচন বিজেপির জন্য ফাঁকা মাঠে গোল দেওয়ার মতো হবে, তাহলে তা খুব ভুল হবে। আসন্ন লোকসভা নির্বাচনে বেশ কিছু আঞ্চলিক দলের ভূমিকা ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে বলেই মনে করছেন অমর্ত্য সেন।
অর্থনীতিবিদের কথায়, তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জীর দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা থাকলেও, বিজেপির বিরুদ্ধে জনতার তৈরি হওয়া হতাশা নিজের দিকে টানতে পারবেন কি না, সেটি এখন তাকে প্রমাণ করতে হবে।
আসন্ন লোকসভা নির্বাচনে ডিএমকে, তৃণমূল, সমাজবাদী পার্টির মতো আঞ্চলিক দলগুলোর ভূমিকাও যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে মনে করছেন তিনি। তাছাড়া এনসিপি, জেডিইউসহ বেশ কিছু আঞ্চলিক দল কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে লোকসভা নির্বাচনে লড়ার পথে এগোচ্ছে। তারা দাবি করছে, ভোট যদি দ্বিমুখী হয়, তাহলে বিজেপিকে হারানো কঠিন হবে না।
তিনি বলেন, বিজেপিকে যথেষ্ট শক্তিশালী দেখালেও, তাদেরও কিছু কিছু দুর্বলতা রয়েছে। সেক্ষেত্রে অন্যান্য রাজনৈতিক দল যদি প্রকৃত অর্থে চেষ্টা করে, তাহলে লড়াইয়ের ময়দান তারাও পাবে। মমতা ব্যানার্জী দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হতে পারেন কি না, সে বিষয়ে নোবেলজয়ী অর্থনীতিবিদকে প্রশ্ন করা হলে তিনি জানান, এমন নয় যে তার যোগ্যতা নেই, অবশ্যই তার সেই যোগ্যতা রয়েছে। তবে একইসঙ্গে এটাও প্রমাণ হওয়া বাকি, বিজেপির বিরুদ্ধে মানুষের হতাশাকে তিনি নিজের দিকে টানতে পারেন কি না।