‘গাছের নীচের লোক ডেকে রাস্তা বন্ধ করেছেন!’ প্রকাশ্য জনসভায় মমতার বিরুদ্ধে বড় পদক্ষেপের হুঙ্কার শুভেন্দুর

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সভাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে চরম উত্তেজনা ছড়াল। কলকাতা হাইকোর্টের নির্দিষ্ট নির্দেশ লঙ্ঘন করে সভা করার অভিযোগে সরাসরি প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর (FIR) করার নির্দেশ দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, আদালতের রায় অমান্য করার অভিযোগে মমতার বিরুদ্ধে পুনরায় হাইকোর্টে যাওয়ারও কড়া বার্তা দিয়েছেন তিনি।
শুক্রবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ক্যাথিড্রাল রোডে একটি সভার আয়োজন করা হয়েছিল। এর আগে এই সভাস্থল নিয়ে জোড়াফুলের দুই গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব দেখা দেওয়ায় মামলা গড়ায় কলকাতা হাইকোর্টে। আদালতের নির্দেশ অনুযায়ী, ক্যাথিড্রাল রোডের একপাশে সভা করার অনুমতি পেয়েছিল তৃণমূল। তবে সভা পরিচালনার জন্য কিছু কঠোর শর্ত বেঁধে দিয়েছিল আদালত।
হাইকোর্টের স্পষ্ট নির্দেশ ছিল, সমাবেশে ১৫০০ জনের বেশি কর্মী-সমর্থক উপস্থিত থাকতে পারবেন না। এছাড়া দুপুর ১২টা থেকে ৩টের মধ্যে অনুষ্ঠান শেষ করতে হবে এবং ক্যাথিড্রাল রোডের একটি দিক সবসময় জনসাধারণের চলাচলের জন্য খোলা রাখতে হবে। পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করার দায়িত্বও দেওয়া হয়েছিল পুলিশকে।
কিন্তু অভিযোগ উঠেছে, সেই সমস্ত নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে সভার নামে রাস্তা আটকে ব্যাপক জমায়েত করা হয়। সভায় উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। এই ঘটনার তীব্র সমালোচনা করে শুভেন্দু অধিকারী বলেন, “দেখুন কীভাবে হাইকোর্টের অর্ডার ভাঙলেন। গাছের নীচে থাকা লোকদের ডেকে এনে রাস্তা বন্ধ করে দিলেন। আমি ইতিমধ্যেই এফআইআর করার নির্দেশ দিয়েছি এবং ওঁর বিরুদ্ধে হাইকোর্টে মুভ করার কথাও বলেছি।” এই চাঞ্চল্যকর মন্তব্যের পর থেকেই রাজনৈতিক মহলে তীব্র জল্পনা শুরু হয়েছে।