“শুভেন্দু অধিকারী কি রাজ্যের মুখ্যমন্ত্রী নাকি বিজেপির?” বাঁকুড়ার খুন নিয়ে চরম বিস্ফোরক সিজেপি!

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে খুনের ঘটনায় নির্ধারিত ১০ দিনের সময়সীমা শেষ হতেই রাজ্য সরকারকে তীব্র আক্রমণ শানাল ককরোচ জনতা পার্টি (সিজেপি)। শুক্রবার কলকাতার এক সাংবাদিক বৈঠক থেকে সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিশানা করেন সিজেপি নেতারা।
মুখ্যমন্ত্রীকে নিয়ে সরাসরি প্রশ্ন এদিনের সাংবাদিক বৈঠকে সিজেপি নেতা প্রেম আকাশ গোলু ক্ষোভপ্রকাশ করে বলেন, ‘‘আমরা মুখ্যসচিব ও মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাইছি, কিন্তু তাঁরা সময় দিচ্ছেন না।’’ এর পরেই মুখ্যমন্ত্রীকে সরাসরি আক্রমণ করে তিনি প্রশ্ন তোলেন, ‘‘শুভেন্দু অধিকারী এই রাজ্যের মুখ্যমন্ত্রী নাকি বিজেপির?’’
উল্লেখ্য, সম্প্রতি বাঁকুড়ায় গ্রামের স্কুলের হাল দেখতে যাওয়াকে কেন্দ্র করে স্থানীয় বিজেপি কর্মীদের সঙ্গে ঝামেলা ও সিজেপি সমর্থক শেখ আবদুল হাফিজের বাড়িতে হামলার ঘটনা ঘটে। হামলায় আবদুলের বাবা শেখ মহম্মদ মাফিককে পিটিয়ে খুন করা হয় বলে অভিযোগ ওঠে। এই ঘটনায় দেশজুড়ে তৈরি হয় তীব্র রাজনৈতিক শোরগোল।
প্রশাসনকে ফের ১০ দিনের সময়সীমা ও নতুন দাবি এর আগে সিজেপির পক্ষ থেকে পুলিশ-প্রশাসনকে ১০ দিনের সময়সীমা দেওয়া হয়েছিল। শুক্রবার সেই সময়সীমা শেষ হওয়ার পর সিজেপি নেতৃত্ব অভিযোগ করেন যে, এখনও মূল অভিযুক্তদের একটা বড় অংশ ধরাছোঁয়ার বাইরে রয়েছে। সেই কারণে প্রশাসনকে আরও ১০ দিন সময় দেওয়ার পাশাপাশি হাইকোর্টের কোনো প্রাক্তন বিচারপতিকে দিয়ে কমিটি গঠন করে এই ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে সিজেপি।
পাশাপাশি, নিহত শেখ মহম্মদ মাফিকের ছেলে তথা সিজেপি নেতা শেখ আবদুল হাফিজ স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, সরকারের তরফ থেকে কোনো আর্থিক সাহায্যের প্রয়োজন নেই; বরং সেই টাকায় তাঁর বাবার নামে একটি স্কুল তৈরি করা হোক। রাজ্যজুড়ে ‘স্কুল ঠিক করো’ কর্মসূচি আরও জোরালোভাবে চালিয়ে যাওয়ারও হুংকার দিয়েছে সিজেপি নেতৃত্ব।