‘মৃত্যুর মুখ থেকে ফিরে এলাম!’ শুটিং করতে গিয়ে নেপালের ভয়ংকর বিপর্যয়ে সস্ত্রীক আটকে পড়ে যা বললেন খরাজ?

ভয়াবহ হড়পা বান ও ভূমিধসের জেরে বিপর্যস্ত নেপালে প্রাকৃতিক দুর্যোগের মাঝে আটকে পড়েছিলেন বিশিষ্ট অভিনেতা খরাজ মুখোপাধ্যায় ও তাঁর স্ত্রী প্রতিভা মুখোপাধ্যায়। অবশেষে সব ধকল কাটিয়ে সস্ত্রীক নিরাপদে কলকাতায় ফিরেছেন তাঁরা। ফিরে এসেই অসংখ্য শুভাকাঙ্ক্ষী ও অনুরাগীদের উদ্দেশে বার্তা দিয়ে অভিনেতা জানান, তাঁরা সম্পূর্ণ সুস্থ আছেন এবং আতঙ্ক কাটিয়ে স্বাভাবিক ছন্দে ফিরছেন।

জানা গিয়েছে, গত ২০ আগস্ট একটি নতুন ছবির শুটিংয়ের জন্য নেপালে পাড়ি দিয়েছিলেন খরাজ। ‘শিকার’ ছবির শুটিং শেষ হওয়ার ঠিক পরপরই দেশজুড়ে শুরু হয় প্রবল বৃষ্টি ও প্রাকৃতিক তাণ্ডব। হড়পা বান ও ভূমিধসের জেরে নেপালের বিস্তীর্ণ এলাকার যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়ে। রাস্তাঘাট ও সেতু ক্ষতিগ্রস্ত হওয়ায় এবং বিমান পরিষেবা ব্যাহত হওয়ায় পোখারায় আটকে পড়েন অভিনেতা। যদিও পোখরা সরাসরি সেই বিপর্যয়ের মুখে না পড়লেও গোটা দেশের পরিস্থিতি অত্যন্ত আশঙ্কাজনক হয়ে ওঠে। এর পরেই অনেক কাঠখড় পুড়িয়ে সড়কপথে উত্তরপ্রদেশের গোরক্ষপুরে পৌঁছান দম্পতি এবং সেখান থেকে বিমান ধরে অবশেষে কলকাতায় ফেরেন।

এর আগে অভিনেতার ছেলে তমঘ্ন মুখোপাধ্যায় বাবা-মায়ের বিপদমুক্ত থাকার খবর জানালেও, খরাজের সরাসরি এই বার্তা অনুরাগীদের মনে স্বস্তি ফিরিয়ে এনেছে। দুর্যোগের ভয়াল অভিজ্ঞতা কাটিয়ে ভবিষ্যতে আরও ভালো কাজ উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন খরাজ মুখোপাধ্যায়। বর্তমানে নেপালের একাধিক অঞ্চলে পরিস্থিতি এখনও সংকটজনক হলেও, জনপ্রিয় এই জুটির নিরাপদে ঘরে ফেরা স্বস্তি দিয়েছে টলিপাড়া তথা বাংলার দর্শক মহলকে।

Saheli Saha
  • Saheli Saha

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *