যোগাযোগ বিচ্ছিন্ন, চারদিকে শুধু ধ্বংসলীলা! নেপালে আটকে পড়ে কী বার্তা দিলেন অপু বিশ্বাস?

নেপাল-চিন সীমান্ত লাগোয়া রাসুয়া জেলায় হড়পা বানের ভয়াবহ দাপটে মুহূর্তের মধ্যে ধূলিসাৎ হয়ে গেছে বিস্তীর্ণ এলাকা। প্রাকৃতিক এই বিপর্যয়ে হু হু করে বাড়ছে মৃতের সংখ্যা, অন্যদিকে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় চরম উৎকণ্ঠা তৈরি হয়েছে। আর এই চরম সঙ্কটের মাঝেই নেপালে শুটিং করতে গিয়ে প্রলয়ঙ্করী দুর্যোগের মুখে পড়েছেন টলিউডের জনপ্রিয় অভিনেতা খরাজ মুখোপাধ্যায় এবং বাংলাদেশের প্রখ্যাত অভিনেত্রী অপু বিশ্বাস। আসন্ন সিনেমা ‘শিকার’-এর শুটিং টিমের সঙ্গেই বর্তমানে সেখানে আটকে রয়েছেন তিনি।
গত বেশ কিছুদিন ধরেই নেপালের বিভিন্ন লোকেশনে ছবিটির শুটিং চলছিল। তবে বিগত কয়েকদিন এই ধরনের কোনো বিপর্যয়ের মুখোমুখি হতে হয়নি বলে জানিয়েছেন শিল্পীরা। বর্তমান পরিস্থিতি নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি বিশেষ পোস্টের মাধ্যমে নিজের শারীরিক অবস্থার কথা ভক্তদের জানিয়েছেন অপু বিশ্বাস। তিনি লিখেছেন, ‘নেপালে আকস্মিক ভূমিকম্প ও বন্যায় শত শত বিদেশি পর্যটক নিখোঁজ হওয়ার খবর পাওয়া যাচ্ছে। এর মাঝেই আমরা ‘শিকার’ সিনেমার টিম বর্তমানে নেপালে রয়েছি।’
দুর্যোগের খবর দেশজুড়ে ছড়িয়ে পড়ার পর থেকেই অপু বিশ্বাসের অসংখ্য শুভাকাঙ্ক্ষী, ভক্ত, গণমাধ্যমকর্মী, আত্মীয়-স্বজন ও প্রিয়জনেরা ফোন ও মেসেজ করে তাঁর খোঁজ নিতে শুরু করেন। ভক্তদের এই ভালোবাসার কথা উল্লেখ করে অভিনেত্রী আরও লিখেছেন, ‘আমরা কেমন আছি, নিরাপদে আছি কি না সকলে জানতে চেয়েছেন। সবার ভালোবাসা, উদ্বেগ ও আন্তরিকতার জন্য হৃদয় থেকে কৃতজ্ঞতা জানাই। আমরা ‘শিকার’ সিনেমার পুরো টিম নিরাপদ স্থানে আছি এবং সবাই সুস্থ ও ভালো আছি।’
উল্লেখ্য, শুধু অপু বিশ্বাস বা খরাজ মুখোপাধ্যায়ই নন, এই ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের কবলে পড়েছেন জনপ্রিয় বাংলাদেশি সঙ্গীতশিল্পী তাসরিফ খান ও তাঁর ব্যান্ডের সদস্যরাও। তবে তাঁদের টিমও আপাতত নিরাপদ স্থানে রয়েছে বলে একটি ভিডিওবার্তার মাধ্যমে আশ্বস্ত করেছেন তাঁরা। প্রকৃতির এই নিষ্ঠুর তাণ্ডবের মাঝেও শিল্পীদের সুরক্ষিত থাকার খবরে কিছুটা স্বস্তি মিলেছে অনুরাগীদের মনে।