নেপালের প্রলয়ংকরী বন্যায় নিখোঁজ শতাধিক ভারতীয়! কাণ্ডকারখানা সামলাতে আজ রাতেই ওড়ার প্রস্তুতি IAF-এর C17 বিমানের!

নেপালে প্রলয়ংকরী হড়পা বানে ব্যাপক ধ্বংসলীলা! সাহায্যে এগিয়ে এসে আজ রাতেই কাठমান্ডুর উদ্দেশ্যে উড়তে পারে IAF-এর C17 বিমান
হিমালয়ের কোলে প্রকৃতির এক সর্বনাশা রূপ দেখল নেপাল। আকস্মিক হড়পা বান এবং হ্রদ ফাটার (GLOF) জেরে সেখানে নেমে এসেছে এক বিরাট বিপর্যয়। এই ভয়াবহ বন্যায় এখনও পর্যন্ত প্রায় ৪০০ মানুষ নিখোঁজ রয়েছেন, যার মধ্যে অন্তত ১০৫ জন ভারতীয় নাগরিকও রয়েছেন। প্রাণ হারিয়েছেন বহু মানুষ। পরিস্থিতি সামাল দিতে এবং নেপালকে সবরকম সাহায্য করতে এবার সরাসরি আসরে নামল ভারত।
কাঠমান্ডুর উদ্দেশ্যে উড়বে বায়ুসেনার বিমান: জরুরি ভিত্তিতে উদ্ধারকাজ এবং ত্রাণ পাঠানোর জন্য ভারতীয় বায়ুসেনার (IAF) একটি C17 বিমান আজ রাতেই কাঠমান্ডুর উদ্দেশ্যে রওনা দিতে পারে বলে খবর। এর পাশাপাশি, ত্রাণসামগ্রী নিয়ে প্রস্তুত রাখা হয়েছে C-130 বিমানটিকেও। মোতায়েন করা হয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী বা NDRF-এর বিশেষ টিমকে।
উদ্বেগে ভারত, ইউপি-বিহারে হাই অ্যালার্ট: নেপাল-চীন সীমান্তের কাছে ফুরকে খোলা সংলগ্ন এলাকায় ত্রিষূলী নদীর জলস্তর হঠাৎ বহুগুণ বেড়ে যাওয়ায় চরম বিপত্তি ঘটেছে। গণ্ডক নদীর জলস্তর বৃদ্ধির প্রবল আশঙ্কায় ভারত-নেপাল সীমান্তবর্তী উত্তর প্রদেশ এবং বিহার প্রশাসনকে কড়া সতর্কবার্তা দেওয়া হয়েছে। বিশেষ করে বিহারের মুখ্যমন্ত্রী নিজে পুরো পরিস্থিতির ওপর নজর রাখছেন এবং পশ্চিম চম্পারণ ও মুজফ্ফরপুরে এনডিআরএফ-এর একাধিক দল মোতায়েন করা হয়েছে। একইভাবে উত্তরপ্রদেশের কুশীনগরেও অতিরিক্ত বাহিনী প্রস্তুত রাখা হয়েছে।
বিদেশি পর্যটক ও তীর্থযাত্রীদের খোঁজ চলছে: নেপাল পর্যটন বোর্ডের তথ্য অনুযায়ী, নিখোঁজ প্রায় চারশো জনের মধ্যে ২৯১ জন বিদেশি এবং ৯৩ জন স্থানীয় নাগরিক রয়েছেন। এর মধ্যে বহু পর্যটক ও কৈলাশ মানস সরোবর যাত্রার তীর্থযাত্রীরাও আটকে পড়েছেন। তাঁদের উদ্ধারে ড্রোন, স্নিফার ডগ এবং ১৪টি হেলিকপ্টারের সাহায্য নিচ্ছে নেপাল সেনা ও পুলিশ বাহিনী। হঠাৎ নেমে আসা এই প্রাকৃতিক বিপর্যয়ের জেরে ভারত ও নেপালের সীমান্তবর্তী অঞ্চলে চরম আতঙ্ক বিরাজ করছে।