খাবারে চুল, ফ্রিজে পচা আপেল-টমেটো! বিদেশি অতিথিদের আপ্যায়নের আগেই বড়সড় বিপাকে রাজধানীর বিলাসবহুল হোটেল!

রাজধানীর অভিজাত হোটেলে খাদ্য নিরাপত্তায় বিরাট গাফিলতি! উদ্ধার ৮৭ কেজি পচা মিষ্টি, কড়া পদক্ষেপ FSSAI-এর
আসন্ন ব্রিকস (BRICS) সম্মেলনকে কেন্দ্র করে যখন সেজে উঠছে রাজধানী দিল্লি, ঠিক তখনই এখানকার এক জোড়া বিলাসবহুল হোটেল ঘিরে চাঞ্চল্যকর তথ্য সামনে এল। বিদেশি অতিথিদের থাকার কথা রয়েছে যে সমস্ত অভিজাত হোটেলে, সেখানেই খাদ্য নিরাপত্তা ও পরিচ্ছন্নতা নিয়ে মারাত্মক গাফিলতির ছবি ধরা পড়ল ফুড সেফটি অথরিটির (FSSAI) পরিদর্শনে। মেয়াদোত্তীর্ণ খাবার থেকে শুরু করে রান্নাঘরে পোকামাকড়ের উপদ্রব—সব মিলিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে হোটেলগুলির ব্যবস্থাপনা নিয়ে।
কী কী অনিয়ম ধরা পড়েছে? কর্তৃপক্ষের সাম্প্রতিক পরিদর্শনে জানা গিয়েছে, দিল্লির এরোসিটির একটি নামী হোটেলে তল্লাশি চালিয়ে প্রায় ৮৭ কেজি মেয়াদোত্তীর্ণ মিষ্টি উদ্ধার করা হয়, যা সঙ্গে সঙ্গে ধ্বংস করা হয়। এছাড়া পাউরুটির প্যাকেটেও মেয়াদ শেষের স্টিকার পাওয়া যায়নি। এমনকি, নিরামিষ ও আমিষ খাবার কাটার জন্য আলাদা বোর্ড ব্যবহারের নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে একই পাত্রে কাটিং বোর্ড রাখা হয়েছিল। কেক তৈরির উপকরণের মধ্যে মেয়াদ শেষ হয়ে যাওয়া পণ্যের পাশাপাশি মাছি ও আরশোলার উপস্থিতি দেখে রীতিমতো চমকে যান আধিকারিকরা।
অন্য একটি হোটেলেও ২৪ ও ২৫ আগস্টের আকস্মিক পরিদর্শনে প্রায় ৫৯টি গুরুতর ত্রুটি চিহ্নিত করা হয়। রান্নাঘর ও বেকারিতে আরশোলা, ফলের মাছি, নোংরা বাসন এবং খাবারের মধ্যে চুল পাওয়া যায়। বেশ কিছু ফ্রিজ ও হিমঘরে জল পড়ার পাশাপাশি পচা আপেল ও টমেটোও উদ্ধার হয়েছে। সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হলো, খোলা অবস্থায় খাবার রাখা, নিরামিষ-আমিষ খাবার একসঙ্গে মিশে থাকা এবং এক কর্মী খোলা ক্ষত নিয়ে রান্না করছিলেন—এমন দৃশ্যও ধরা পড়ে।
কড়া নির্দেশ কর্তৃপক্ষের: আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে বসতে চলেছে অষ্টাদশ ব্রিকস সম্মেলন। এই মেগা ইভেন্টের আগে বিদেশি অতিথিদের স্বাস্থ্য ও নিরাপত্তার কথা মাথায় রেখে ত্বরিত গতিতে চিহ্নিত সমস্যাগুলি সংশোধনের কড়া নির্দেশ দিয়েছে খাদ্য নিরাপত্তা কর্তৃপক্ষ।