ছেলের সঙ্গে লুডো খেলার জেদাজেদি! মাঝরাতে হাতাহাতি থেকে সোজা বাবার মৃত্যুর কোলে ঢলে পড়ার মর্মান্তিক ঘটনা

মোবাইলে লুডো খেলাকে কেন্দ্র করে তুচ্ছ বচসা থেকে মর্মান্তিক পরিণতি। ছেলেকে বাঁচাতে গিয়ে প্রতিবেশীদের এলোপাথাড়ি মারধরের শিকার হয়ে প্রাণ হারাতে হলো এক বাবাকে। নদীয়ার কালীগঞ্জ থানার দেবগ্রাম এলাকায় ঘটা এই নৃশংস হত্যাকাণ্ডে গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ও শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দেবগ্রাম রেললাইনের ধারের বাসিন্দা আবদুল দফাদারের ছেলে রাহুল দফাদার প্রতিবেশীদের সঙ্গে মোবাইলে লুডো খেলছিল। সেই খেলাকে কেন্দ্র করেই প্রতিবেশী যুবকদের সঙ্গে তার তীব্র বচসা শুরু হয়। বিবাদ বাড়লে প্রতিবেশীরা রাহুলকে বেধড়ক মারধর করতে শুরু করে। ছেলের ওপর এমন আক্রমণ হতে দেখে তাকে বাঁচাতে ছুটে যান বাবা আবদুল দফাদার। অভিযোগ, সেই সময় হামলাকারীরা তাঁকেও বেধড়ক মারধর করে।

গুরুতর আহত অবস্থায় আবদুল দফাদারকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার পর থেকেই এলাকায় চরম উত্তেজনা ও থমথমে পরিবেশ বিরাজ করছে। পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করার প্রক্রিয়া শুরু হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট করতে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার প্রাথমিক তদন্ত শুরু করে অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে কালীগঞ্জ থানার পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *