‘তৃণমূলকে ছুঁড়ে ফেলে দিয়েছে জনগণ’! কলকাতা ও হাওড়া পুরভোটের আগেই বিস্ফোরক ঘোষণায় শোরগোল

আসন্ন কলকাতা ও হাওড়া পুরসভাকে সামনে রেখে রাজনৈতিক পারদ চড়াতে শুরু করে দিল ভারতীয় জনতা পার্টি (BJP)। রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসকে একহাত নেওয়ার পাশাপাশি ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বিজেপি নেতা সুকান্ত মজুমদার। সাফ জানিয়ে দিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে আসনেই প্রার্থী হোন না কেন, তাঁকে পরাজিত করতে সর্বশক্তি দিয়ে ময়দানে নামবে গেরুয়া শিবির।

এদিন কলকাতা ও হাওড়া পুরসভার ভোট প্রস্তুতি প্রসঙ্গে বলতে গিয়ে তৃণমূল কংগ্রেসকে নিশানা করেন সুকান্ত মজুমদার। তিনি দাবি করেন, সাধারণ মানুষ ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে প্রত্যাখ্যান করেছে। ওয়ার্ড পুনর্বিন্যাসের পর আসন্ন পুরভোটে বিজেপি একাই লড়বে এবং কলকাতা ও হাওড়া মিলিয়ে ১৫০ থেকে শুরু করে ১৭০টি পর্যন্ত আসন জয়ের লক্ষ্যমাত্রা নিয়েছে দল। অতীতে বিধানসভা নির্বাচনে ১৪৪টি ওয়ার্ডের মধ্যে ১০১টিতে বিজেপি এগিয়ে ছিল বলেও পরিসংখ্যান তুলে ধরেন তিনি।

বিশেষ করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে করা সুকান্ত মজুমদারের মন্তব্য রাজ্য রাজনীতিতে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি করেছে। অভিষেককে চ্যালেঞ্জ ছুড়ে সুকান্ত বলেন, “যে ভোটেই দাঁড়ান না কেন, ওনাকে হারানোর জন্য আমরা তৈরি আছি। উনি যেখানে দাঁড়াবেন, রণে বনে জলে জঙ্গলে, আমরা সেখানেই যাবো হারানোর জন্য, চিন্তা নেই।” একই সঙ্গে তিনি স্পষ্ট করে দেন যে রাজ্যে আসন্ন নির্বাচনে অন্য কোনো শরিক দলের সঙ্গে কোনো আসন ভাগাভাগি নিয়ে আলোচনা হয়নি এবং বিজেপি একাই সমস্ত আসনে লড়াই করবে। পাশাপাশি, পুরভোটে জয়লাভের পর প্রাক্তন তৃণমূল কাউন্সিলরদের বিরুদ্ধে নির্দিষ্ট চার্জশিট পেশ করা হবে বলেও হুঙ্কার ছেড়েছেন সুকান্ত মজুমদার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *