২২ লক্ষ পরিযায়ী শ্রমিককে ফেরাতে নবান্নের বিরাট মাস্টারস্ট্রোক! কোন ৫ জেলায় সবথেকে বেশি ভিড়?

বাংলাতেই মিলবে কাজ! ২২ লক্ষ পরিযায়ী শ্রমিককে ফেরাতে নবান্নের বিশেষ অভিযান, শীর্ষে কোন জেলা?
“আপনারা ফিরে আসুন…”—পরিযায়ী শ্রমিকদের উদ্দেশ্যে এই আশ্বাসবাণী আগেই শোনা গিয়েছিল। ভিন রাজ্যে কাজ করতে গিয়ে বাংলার শ্রমিকদের বিভিন্ন সমস্যার মুখে পড়ার খবর সামনে আসার পরই তাঁদের ঘরের মাটিতে ফিরিয়ে আনতে তৎপর হয়েছে রাজ্য সরকার। নবান্ন সূত্রে খবর, বাংলার শ্রমিকদের বাংলাতেই কাজের সুযোগ করে দিতে এবং ২২ লক্ষ পরিযায়ী শ্রমিককে রাজ্যে ফিরিয়ে আনতে এবার এক বিশেষ মেগা অভিযান শুরু হতে চলেছে।
এই বিশেষ অভিযানের মাধ্যমে প্রথমে ভিন রাজ্যে থাকা পরিযায়ী শ্রমিকদের চিহ্নিত করা হবে। এরপর দ্রুত তাঁদের পরিবারগুলির কর্মসংস্থান নিশ্চিত করার উদ্যোগ নেবে প্রশাসন। সরকারের তরফে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে যে, এই চিহ্নিত পরিবারগুলিকে অবিলম্বে ‘গ্রামীণ রোজগার গ্যারান্টি কার্ড’-এর আওতায় আনতে হবে। শুধু তাই নয়, যোগ্য পরিবারগুলিকে বছরে অন্তত ১২৫ দিনের নিশ্চিত কাজের সুযোগ করে দিতে জেলায় জেলায় জোরদার অভিযান চালানোর নির্দেশ দিয়েছে নবান্ন।
কোন জেলায় পরিযায়ী শ্রমিকের সংখ্যা সর্বাধিক? সরকারি তথ্য অনুযায়ী, রাজ্যে পরিযায়ী শ্রমিকদের সংখ্যার নিরিখে সবার উপরে রয়েছে মুর্শিদাবাদ জেলা। সেখানে পরিযায়ী শ্রমিকের সংখ্যা ৩ লক্ষ ৮৬ হাজার ১৯১ জন। এই তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে মালদহ এবং তৃতীয় স্থানে পশ্চিম মেদিনীপুর। এরপর ক্রমানুসারে রয়েছে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, কোচবিহার, উত্তর দিনাজপুর এবং পূর্ব বর্ধমান। ভিন রাজ্যে কর্মরত এই বিশাল সংখ্যক শ্রমিককে ঘরের মাটিতে কর্মসংস্থানের সুযোগ দিতে রাজ্য প্রশাসনের এই উদ্যোগ কতটা সফল হয়, এখন সেটাই দেখার।