ছোটপর্দায় আসছে নতুন কৃষ্ণলীলা! স্টার জলসার ‘রাধা মাধব’-এ জুটি বাঁধছেন এই জনপ্রিয় তারকারা?

যে কোনো ভক্তিমূলক ও আধ্যাত্মিক ধারাবাহিকই বরাবর দর্শকদের মনে বিশেষ জায়গা করে নেয়। এই ধারাবহিকতা বজায় রেখেই সম্প্রতি জি বাংলায় শুরু হয়েছে নতুন মেগা ‘সতীপীঠ কালীঘাট’, যেখানে কালীঘাট মন্দিরের নানা অজানা ইতিহাস তুলে ধরা হচ্ছে। আর এই লড়াইতে একচুলও জমি ছাড়তে নারাজ প্রতিদ্বন্দ্বী চ্যানেল স্টার জলসা। মাসখানেক আগেই তারা ঘোষণা করেছিল তাদের নতুন মেগা ধারাবাহিক ‘রাধা মাধব’-এর। সম্প্রতি প্রকাশ্যে এসেছে এই সিরিয়ালের প্রথম ঝলকও। দীর্ঘ দিন পর ছোটপর্দায় কৃষ্ণের লীলিভিত্তিক কোনো ধারাবাহিক আসার খবরে উচ্ছ্বসিত দর্শকরা। তবে এই মেগার প্রধান ভূমিকায় কারা অভিনয় করছেন, তা নিয়ে জল্পনার শেষ নেই।

প্রোমোতে নজরকাড়া রোমান্স, নাম নিয়ে চর্চা তুঙ্গে:

সামনে আসা প্রোমোতে দেখা যাচ্ছে, একটি গাছের তলায় দাঁড়িয়ে এক মনে বাঁশি বাজাচ্ছেন স্বয়ং কৃষ্ণ। সামনেই একটি বিশাল সরোবরে ঘুরে বেড়াচ্ছে বেশ কয়েকটি রাজহাঁস। এরপরই কৃষ্ণের সেই মোহময়ী বাঁশির সুরে ছুটে আসেন স্বয়ং রাধা। এমনকি দুজনকে একসঙ্গে দোলনায় বসে থাকতেও দেখা যায়। তবে ভিডিওটিতে স্পষ্টভাবে অভিনেতা-অভিনেত্রীদের মুখ বা পরিচয় সামনে আনা হয়নি, যা দর্শকদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে।

কারা থাকছেন মুখ্য চরিত্রে?

চ্যানেল কর্তৃপক্ষের তরফে এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা করা না হলেও, টেলিপাড়ার অন্দরে জোর গুঞ্জন চলছে যে এই ধারাবাহিকে রাধা ও কৃষ্ণের চরিত্রে অভিনয় করতে পারেন রাজদীপ গোস্বামী এবং জয়িতা সান্যাল। এর আগে রাজদীপকে ‘আনন্দী’ এবং ‘বেশ করেছি প্রেম করেছি’-র মতো জনপ্রিয় সিরিয়ালে অভিনয় করতে দেখা গেছে। অন্যদিকে, জয়িতাকে সান বাংলার ‘রূপমতী’ সিরিয়ালের সুবাদে চেনে দর্শক। টলিপাড়ার কানাঘুষো, বাংলা টেলিভিশনে এই প্রথমবার জুটি বাঁধছেন তাঁরা।

পাশাপাশি এও শোনা যাচ্ছে যে, এই মেগাটির প্রযোজনার দায়িত্বে থাকতে পারে ‘ফোর ডাইমেনশন’ প্রোডাকশন হাউস। যদিও চ্যানেল বা প্রযোজনা সংস্থার পক্ষ থেকে এই বিষয়ে এখনও পর্যন্ত সিলমোহর দেওয়া হয়নি। পুরো কাস্টিংয়ের রহস্য ভেদ হতে পারে মেগার পরবর্তী প্রোমো সামনে এলেই। সব মিলিয়ে, স্টার জলসার এই নতুন পৌরাণিক নিবেদন ছোটপর্দায় জমজমাট লড়াইয়ের ইঙ্গিতই দিচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *