কৃত্রিম বুদ্ধিমত্তার বড় ফাঁদ! চিনের ডিপসিক এআই ব্যবহার করে ভয়াবহ সাইবার হানার ছক হ্যাকারদের

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) প্রযুক্তির জয়জয়কার যেমন একদিকে মানবজীবনকে সহজ করে তুলেছে, তেমনই অন্যদিকে বাড়িয়ে তুলেছে গভীর উৎকণ্ঠা। এবার সাইবার দুনিয়ায় এক ভয়ংকর বিপদের ছবি সামনে এল। তাইওয়ানের এক গবেষণা সংস্থার সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, চিনের শক্তিশালী ‘ডিপসিক’ (Deepseek) এআই মডেলকে হাতিয়ার করে বিভিন্ন দেশে নির্বিচারে সাইবার হামলা চালাচ্ছে হ্যাকাররা। পুরনো ও জটিল পদ্ধতি বাদ দিয়ে এখন সম্পূর্ণ নতুন ও আধুনিক উপায়ে এই নাশকতার জাল ছড়ানো হচ্ছে।

তাইওয়ানের বিখ্যাত গবেষণা সংস্থা ‘TeamT5’-এর প্রকাশিত রিপোর্টে দাবি করা হয়েছে, আধুনিক এআই টুলগুলি বর্তমানে হ্যাকারদের সবচেয়ে বড় এবং শক্তিশালী হাতিয়ারে পরিণত হয়েছে। এআই চ্যাটবটের সহজলভ্যতার কারণে হ্যাকিংয়ের জটিল প্রক্রিয়া এখন অনেক সহজ হয়ে গেছে। এর ফলে খুব কম সময়ের মধ্যে নির্দিষ্ট কোনো টার্গেটে নিখুঁত ও মারাত্মক হামলা চালাতে সক্ষম হচ্ছে সাইবার অপরাধীরা।

রিপোর্টে আরও বিস্ফোরক অভিযোগ তোলা হয়েছে। সেখানে বলা হয়েছে, চিনের সরকারি মদদপুষ্ট বিভিন্ন গ্রুপ ক্ষতিকর ও বিশেষ সফটওয়্যার তৈরি করছে। এই সফটওয়্যারগুলি বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ সংস্থা ও সাধারণ মানুষের কম্পিউটারে ইনস্টল করে গোপনীয় তথ্য হাতিয়ে নেওয়া হচ্ছে। যদিও শুধু ‘ডিপসিক’ একাই নয়, অন্যান্য ওপেন সোর্স এআই মডেলও হ্যাকাররা ব্যবহার করছে; তবে এই চিনা মডেলটির অপব্যবহারের মাত্রা সবচেয়ে বেশি। আর এই প্রবণতাই আগামী দিনে বিশ্বজুড়ে সাইবার নিরাপত্তার ক্ষেত্রে এক বিরাট সংকট তৈরি করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

কেন হ্যাকারদের প্রথম পছন্দ ‘ডিপসিক’?
সাধারণত সাইবার হামলার জন্য বড় অঙ্কের অর্থ খরচ করে কোডিং বা ডেটা অ্যাকসেস কিনতে হয়। কিন্তু ওপেন সোর্স এআই ব্যবহারের ফলে হ্যাকারদের সেই বাড়তি খরচ আর করতে হচ্ছে না।

এই বিষয়ে TeamT5-এর চিফ অ্যানালিস্ট চার্লিস লি (Charles Lee) অত্যন্ত তাৎপর্যপূর্ণ মন্তব্য করে জানিয়েছেন, “চিনা হ্যাকারদের কাছে ‘ডিপসিক’ অত্যন্ত পছন্দের একটি টুল। কারণ এটি যেমন অত্যন্ত শক্তিশালী, তেমনই এর সাইবার গাইডলাইন বা বিধিনিষেধ তুলনামূলকভাবে অনেকটাই শিথিল।” তাঁর যুক্তি, পশ্চিমী দেশগুলিতে উন্নত বহু এআই টুল তৈরি হলেও সেখানে কড়া সাইবার গাইডলাইন মেনে চলতে হয়। সেই কড়াকড়ি এড়ানোর ঝক্কি পোহাতে চায় না বলেই অপরাধীরা সাধারণত ওই পশ্চিমা টুলগুলি এড়িয়ে চলে এবং ডিপসিকের মতো অপেক্ষাকৃত শিথিল প্ল্যাটফর্মকে বেছে নেয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *