ফ্রিজে বিয়ার রেখে দিয়েছেন? মেয়াদ শেষ হওয়ার কতদিন পর পর্যন্ত তা খাওয়া নিরাপদ, জানেন কি?

সপ্তাহান্তের পার্টি হোক কিংবা ছুটির দিনের আড্ডা, অনেকেই আগে থেকে বিয়ার কিনে ফ্রিজে মজুত করে রাখেন। তবে ফ্রিজে বিয়ার ঠিক কতদিন পর্যন্ত ভালো থাকে বা এর আসল স্বাদ ও গুণমান কতদিন বজায় থাকে, সে বিষয়ে অনেকেরই পরিষ্কার ধারণা নেই। সাধারণত, সিল করা বিয়ারের বোতল নির্দিষ্ট তাপমাত্রায় (২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস) ফ্রিজে রাখলে, তার এক্সপায়ারি ডেট পেরিয়ে যাওয়ার পরেও প্রায় ৬ থেকে ৮ মাস পর্যন্ত ভালো থাকে। তবে বিয়ারের ধরন অনুযায়ী এর স্থায়িত্বকাল ভিন্ন হয়ে থাকে।

ডার্ক বিয়ার বা বেশি অ্যালকোহলযুক্ত বিয়ার হলে তা ১ থেকে ২ বছর পর্যন্ত ভালো থাকতে পারে। কিন্তু ক্রাফট বিয়ার, যাতে কোনও রাসায়নিক বা প্রিজারভেটিভ ব্যবহার করা হয় না, সেগুলি সাধারণত ২ থেকে ৩ মাসের মধ্যে পান করা সবচেয়ে ভালো। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, বিয়ারের ক্যান বা বোতলের ঢাকনা একবার খুলে ফেললে তা ফ্রিজে রাখলেও ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে খেয়ে ফেলা উচিত। বোতল খোলার সঙ্গে সঙ্গেই বাতাসের অক্সিজেন সংস্পর্শে এসে অক্সিডেশন শুরু হয়। এর ফলে বিয়ারের কার্বোনেশন বা ফেনা ও গ্যাসের পরিমাণ কমে যায় এবং স্বাদ তেতো বা পানসে হয়ে যায়।

এছাড়া বিয়ার সংরক্ষণের ক্ষেত্রে কিছু সুনির্দিষ্ট নিয়ম মেনে চলা জরুরি। যেমন, বিয়ারের বোতল ফ্রিজে কখনও শুইয়ে না রেখে সবসময় সোজা করে রাখা উচিত। এতে বোতলের ছিপির অংশে বাতাসের সংস্পর্শ কম হয় এবং স্বাদ অটুট থাকে। পাশাপাশি, সরাসরি রোদ বা তীব্র আলো লাগে এমন জায়গায় বিয়ার রাখা একেবারেই উচিত নয়। বোতল খোলার পর যদি তাতে কোনও গ্যাস বা ফেনা তৈরি না হয়, গন্ধ টক হয়ে যায় কিংবা বিয়ারের রঙ বদলে যায়, তবে বুঝতে হবে সেই বিয়ার আর পানের যোগ্য নেই। তাই সামান্য সচেতনতা অবলম্বন করলেই বিয়ারের আসল স্বাদ ও সতেজতা দীর্ঘক্ষণ ধরে বজায় রাখা সম্ভব।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *