প্রতিষ্ঠা দিবসের মঞ্চ দখল নিয়ে ধুন্ধুমার! কালীঘাট বনাম ঋতব্রত তরজায় অস্বস্তিতে তৃণমূল?

আসল তৃণমূল কংগ্রেস আসলে কে? আর আগামী শুক্রবার টিএমসিপি-র (TMCP) প্রতিষ্ঠা দিবস ঠিক কে বা কারা পালন করবে? এই প্রশ্নকে কেন্দ্র করে ফের রাজনৈতিক পারদ চড়েছে রাজ্য রাজনীতিতে। কালীঘাট বনাম ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের অনুগামীদের টানাপোড়েনে পরিস্থিতি এখন বেশ জটিল। শুক্রবার টিএমসিপি-র প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মেয়ো রোডে কর্মসূচি পালনের অনুমতি চেয়ে ইতিমধ্যেই দুপক্ষই আদালতের দ্বারস্থ হয়েছে। এই সংক্রান্ত মামলার শুনানি আজ মঙ্গলবার হওয়ার কথা রয়েছে।
অন্যদিকে, আইনি লড়াইয়ে বড়সড় ধাক্কা খেলেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া ১৬টি এফআইআর-এর (FIR) শুনানি একত্রে করার আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল তাঁর আইনি টিম। তবে সেই আবেদন খারিজ করে দিয়েছে উচ্চ আদালত। মামলার শুনানিতে বিচারপতি সৌগত ভট্টাচার্য তাঁর নির্দেশনামায় স্পষ্ট জানান যে, ১৬টি মামলার বিষয়বস্তু আদালতের কাছে এই মুহূর্তে বিস্তারিতভাবে না থাকায় একত্রে বিচার প্রক্রিয়া চালানো সম্ভব নয়।
অভিষেকের আইনজীবীদের তরফ থেকে সওয়াল করা হয়েছিল যে যেহেতু মামলাগুলির প্রকৃতির মধ্যে মিল রয়েছে, তাই সবকটির শুনানি একযোগে হওয়া উচিত। কিন্তু আদালত সেই যুক্তি গ্রাহ্য করেনি। এই রায়ের ফলে আইনি দিক থেকে স্পষ্ট হয়ে গেল যে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে থাকা মামলাগুলির শুনানি পৃথকভাবেই পরিচালিত হবে এবং তাঁকে প্রতিটি মামলার জন্য আলাদা করে আইনি লড়াই চালিয়ে যেতে হবে। প্রতিষ্ঠাবার্ষিকীর রাজনৈতিক কোন্দল এবং আইনি জট—উভয় ক্ষেত্রেই বর্তমান পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, এখন সেটাই দেখার।