শর্তের মারপ্যাঁচ নাকি চরম বঞ্চনা? অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বিস্ফোরক দাবি প্রাক্তন মুখ্যমন্ত্রীর

রাজ্যে নতুন সরকারের আমলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে চালু হয়েছে ‘অন্নপূর্ণা যোজনা’। আর সেই নতুন প্রকল্প নিয়েই এবার সুর চড়ালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, ভোটের আগে নানা প্রতিশ্রুতির কথা বলা হলেও এখন কড়া শর্ত চাপিয়ে বেছে বেছে টাকা দেওয়া হচ্ছে। চরম এই বঞ্চনার জেরে রাজ্যে মহিলারা চরম পদক্ষেপ করতে বাধ্য হচ্ছেন বলেও বিস্ফোরক দাবি করেছেন তিনি।

সোমবার বিকেলে ফেসবুকে দেওয়া এক বিশেষ বার্তায় রাজ্যের বর্তমান শাসকদলের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্নপূর্ণা যোজনা না পেয়ে এক মহিলার অস্বাভাবিক মৃত্যুর ঘটনার উল্লেখ করে তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তিনি।

মমতার দাবি, আগের সরকারের আমলে রাজ্যের প্রায় ২ কোটি ৪২ লক্ষ মহিলা নিয়মিত লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পেতেন। সাধারণ মহিলারা ১৫০০ টাকা এবং তফসিলি জাতি ও উপজাতি মহিলারা ১৭০০ টাকা করে পেতেন। কিন্তু নির্বাচনের পর থেকে সেই সুবিধার বেশিরভাগ অংশই বন্ধ হয়ে গেছে বলে তাঁর অভিযোগ।

অন্নপূর্ণা যোজনা নিয়ে সরাসরি মানুষের সঙ্গে প্রতারণার অভিযোগ তুলে প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, ভোটের সময় বাড়ি বাড়ি গিয়ে ফর্ম পূরণ করানো হলেও তখন কোনও শর্তের কথা বলা হয়নি। কিন্তু এখন বলা হচ্ছে সবার এই টাকা পাওয়ার যোগ্যতা নেই। তাঁর প্রশ্ন, বিজেপি ঠিক করবে কার যোগ্যতা আছে আর কার যোগ্যতা নেই? মহিলাদের স্বনির্ভর করতেই যেখানে এই সহায়তা চালু হয়েছিল, সেখানে বর্তমান সরকার মাত্র তিন মাস বা পুজোর আগে পর্যন্ত টাকা দিচ্ছে এবং তাও আবার ধর্ম ও বর্ণ দেখে বেছে বেছে দেওয়া হচ্ছে বলে তাঁর অভিযোগ।

প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, পুলিশকে ব্যবহার করে তৃণমূল কংগ্রেস কর্মীদের নামে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে, অথচ মহিলারা কেন প্রকল্পের টাকা পাচ্ছেন না তা দেখার কেউ নেই। অসহায় মানুষের বাঁচার অধিকার কেড়ে নেওয়া হচ্ছে অভিযোগ তুলে তিনি জানান, বঞ্চিত মহিলাদের পাশে দাঁড়াতে তাঁর দল ও তিনি নিজে সবরকম দায়িত্ব নিতে প্রস্তুত। এই পরিস্থিতিতে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলনের পথে নামারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *