কৃষ্ণনগর আদালতের পরোয়ানায় স্থগিতাদেশ! আইনি লড়াইয়ে আপাতত বড় স্বস্তি পেলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র

আদালতের নির্দেশ মেনে হাজিরা না দেওয়ায় নদিয়ার কৃষ্ণনগর আদালত তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। সোমবার এই মামলায় কৃষ্ণনগরের সাংসদকে ৩১ আগস্ট পর্যন্ত রক্ষাকবচ দিয়েছে কলকাতা হাইকোর্ট।

এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি আর্যক দত্তের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে, আগামী ৩১ আগস্ট পর্যন্ত মহুয়া মৈত্রর বিরুদ্ধে কোনো পদক্ষেপ করা যাবে না। আগামী ২৭ আগস্ট এই মামলার পরবর্তী শুনানি হবে।

আদালতে মহুয়ার আইনজীবী জানান, নিম্ন আদালতের বিচারক কোনো বক্তব্য না শুনেই একতরফাভাবে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। গত ১৮ আগস্ট নিম্ন আদালতে মামলার শুনানি থাকলেও বার অ্যাসোসিয়েশনের ধর্মঘট থাকায় তা হয়নি। অথচ ১৯ আগস্ট মামলা উঠতেই গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। পাশাপাশি, এই মামলা এমপি-এমএলএ আদালতে হওয়া উচিত বলেও দাবি করা হয়। সব পক্ষের বক্তব্য শুনে হাইকোর্ট আগামী ২৭ আগস্ট শুনানির দিন ধার্য করেছে এবং ৩১ আগস্ট পর্যন্ত রক্ষাকবচ বহাল রেখেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *