আইনি লড়াইয়ে বড় স্বস্তি পেলেন মহুয়া মৈত্র, নিম্ন আদালতের নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ আদালতের

ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগে দায়ের হওয়া মামলায় বড় স্বস্তি পেলেন তৃণমূল কংগ্রেসের লোকসভার সাংসদ মহুয়া মৈত্র। নিম্ন আদালত তাঁর বিরুদ্ধে যে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল, তার ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক ডিভিশন বেঞ্চ। আগামী ৩১ অগাস্ট পর্যন্ত বা পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এই মামলার ভিত্তিতে পুলিশ আর কোনও পদক্ষেপ করতে পারবে না বলে জানানো হয়েছে। এই মামলার পরবর্তী শুনানি ধার্য করা হয়েছে আগামী ২৭ অগাস্ট।

আদালত সূত্রে জানা গিয়েছে, ঘূর্ণির ছয় জন মহিলা বাসিন্দা কৃষ্ণনগর আদালতে একটি মামলা দায়ের করেছিলেন। তাঁদের অভিযোগ ছিল, ‘তুলসী মালা’ নিয়ে মহুয়া মৈত্রের করা একটি মন্তব্য তাঁদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। সেই অভিযোগের ভিত্তিতেই কৃষ্ণনগরের তৃতীয় বিচারক ম্যাজিস্ট্রেটের আদালত মহুয়া মৈত্রকে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিল এবং পরবর্তীতে তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। এদিন হাইকোর্টে শুনানির সময় সরকারি আইনজীবী কল্লোল মণ্ডল জানান যে নিম্ন আদালত গত ১৮ অগাস্ট ওই নির্দেশ দিয়েছিল। তবে হাইকোর্টের এই অন্তর্বর্তী স্থগিতাদেশের ফলে আপাতত স্বস্তিতে রয়েছেন কৃষ্ণনগরের সাংসদ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *