হাতে ছিল মাত্র ২ কোটি, কিনে ফেললেন ৩০ কোটির রাজপ্রাসাদ! কীভাবে বানালেন শাহরুখের স্বপ্নের ‘মন্নত’?

আজ মুম্বইয়ের বুক চিরে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা সমুদ্রমুখী প্রাসাদ ‘মন্নত’-এর কথা কে না জানে! যার বর্তমান আনুমানিক বাজারমূল্য প্রায় ২০০ কোটি টাকা। তবে এই রাজপ্রাসাদ, অঢেল খ্যাতি কিংবা ‘বলিউড বাদশা’ তকমা—কোনো কিছুই রাতারাতি বা বিনাশ্রমে পাননি শাহরুখ খান। দিল্লির এক সাধারণ পরিবার থেকে এসে আরব সাগরের পাড়ে রাজত্ব কায়েম করার নেপথ্যে ছিল সীমাহীন পরিশ্রম, নির্ঘুম রাত আর অদম্য জেদ।

মন্নতের শুরুর দিনগুলি ও ৩০ কোটির বাড়ি কেনার গল্প
মায়ানগরীতে শুরুর দিনগুলোতে নিজের কোনো স্থায়ী ঠিকানা ছিল না। স্ত্রী গৌরীকে নিয়ে প্রথমে তিনি উঠেছিলেন পরিচালক আজিজ মির্জার বাড়ির একটি ছোট ঘরে। এরপর তাজ হোটেলের কাছে একটি ভাড়া বাড়িতে কিছুদিন থাকার পর নিজের একটা স্বপ্নের আস্তানা গড়ে তোলার ইচ্ছে দানা বাঁধে। সেই স্বপ্নই বাস্তবে রূপ নেয় ২০০১ সালে, যখন তিনি কিনে নেন বর্তমানের ঐতিহাসিক বাংলো ‘মন্নত’।

তবে সেই বাড়ি কেনার পথটা একচিলকও সহজ ছিল না। সেই সময় মন্নত কিনতে শাহরুখের মোট খরচ হয়েছিল ৩০ কোটি টাকা, অথচ অভিনেতার ব্যাঙ্কে তখন জমানো ছিল মাত্র ২ কোটি টাকা! নিজের কাজের ওপর অগাধ বিশ্বাস রেখে বাকি অর্থ ব্যাঙ্ক থেকে ঋণ হিসেবে নেন তিনি। পরবর্তীতে এক সাক্ষাৎকারে শাহরুখ নিজেই জানিয়েছেন, কেনার সময় বাড়িটির বেশ কিছু অংশ বেশ জরাজীর্ণ অবস্থায় ছিল। কিন্তু তা নতুন করে মেরামত করার মতো পর্যাপ্ত অর্থ তখন তাঁর হাতে ছিল না। তাই তিনি স্ত্রী গৌরীকে দায়িত্ব দেন মনের মতো করে অল্প খরচে বাড়িটি সাজিয়ে তুলতে। গৌরীর রুচিশীল নকশাতেই আজ পূর্ণতা পেয়েছে এই আইকনিক বাংলো। দিনরাত এক করে কঠোর পরিশ্রম করে মাত্র চার বছরের মধ্যেই ব্যাঙ্কের সমস্ত ঋণ শোধ করে দেন তিনি।

সলমন খানের হাতছাড়া হওয়ার নেপথ্য কাহিনি
মন্নতকে ঘিরে রয়েছে এক দারুণ মজার তথ্য। শোনা যায়, শাহরুখের আগে এই বাড়িটি কেনার কথা ছিল স্বয়ং সলমন খানের! বাড়ির মালিকের সঙ্গে কথাবার্তাও প্রায় পাকা হয়ে গিয়েছিল। কিন্তু বাবা সেলিম খানের একটি কথাতেই পুরো পরিস্থিতি বদলে যায়। সেলিম খান সলমনকে প্রশ্ন করেছিলেন, এত বড় বাড়ি একা একটা মানুষ নিয়ে করবেটা কী? বাবার সেই সরল যুক্তি ও বারণ মেনে সলমন শেষ মুহূর্তে পিছিয়ে আসেন। আর তাঁর সেই সরে দাঁড়ানোর ফলেই হাতবদল হয়ে বাংলোর স্বত্ব চলে যায় শাহরুখ খানের হাতে, যা আজ মুম্বইয়ের অন্যতম বড় ল্যান্ডমার্ক এবং লাখো ভক্তের তীর্থস্থান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *