কলকাতার গণ্ডি পেরিয়ে এবার জেলার স্কুলেও মিড ডে মিল দেবে ইসকন! কোন কোন এলাকায় মিলবে এই সুবিধা?

কলকাতার পর এবার রাজ্যের একাধিক জেলার স্কুলেও মিড ডে মিল সরবরাহের দায়িত্ব পেতে চলেধে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ বা ইসকন (ISKCON)। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকেই কলকাতার স্কুলগুলিতে মিড ডে মিল বিতরণের কাজ সফলভাবে পরিচালনা করে আসছে ইসকন। এবার সেই প্রকল্পের পরিধি আরও বাড়িয়ে রাজ্যের অন্যান্য জেলাগুলিতেও এই সেবামূলক কাজ সম্প্রসারণ করা হচ্ছে। সম্প্রতি রাজ্য স্কুলশিক্ষা দফতরের তরফে একটি নতুন বিজ্ঞপ্তি জারি করে এই বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে।
কোন কোন এলাকায় দায়িত্ব পেল ইসকন?
স্কুলশিক্ষা দফতরের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম ১ এবং নন্দীগ্রাম ২ ব্লকের একাধিক স্কুল ছাড়াও পুরুলিয়া, হাওড়া, দমদম, বিধাননগর এবং রাজারহাটের নির্বাচিত স্কুলগুলিতে এখন থেকে মিড ডে মিল সরবরাহ করবে ইসকন। নবান্ন থেকে ইতিমধ্যে এই প্রকল্পের জন্য প্রয়োজনীয় সবুজ সঙ্কেত দেওয়া হয়েছে। সেই নির্দেশিকা অনুযায়ী সংশ্লিষ্ট জেলাশাসকদের কাছে সমস্ত তথ্য পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।
পুষ্টি ও বিতর্ক প্রসঙ্গে সরকারের অবস্থান
উল্লেখ্য, ইসকনের পক্ষ থেকে সম্পূর্ণ নিরামিষ ও সাত্বিক খাবার পরিবেশন করা নিয়ে অতীতে বিভিন্ন মহলে বিতর্ক তৈরি হয়েছিল। পড়ুয়াদের খাবারে পর্যাপ্ত প্রোটিনের পরিমাণ নিয়ে প্রশ্ন তুলে সরব হয়েছিল বিরোধী দলগুলি। তবে সেই জল্পনা দূরে সরিয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে আগেই স্পষ্ট করে জানানো হয়েছিল যে, ইসকনের সাত্বিক ও পুষ্টিকর খাবারের পাশাপাশি রাজ্য প্রশাসনের উদ্যোগে পড়ুয়াদের জন্য আলাদা করে ডিমের ব্যবস্থা করা হবে। এর ফলে ছাত্রছাত্রীদের পুষ্টির মান যেমন অক্ষুণ্ণ থাকবে, তেমনই মিড ডে মিল বিতরণে আরও স্বচ্ছতা ও গুণগত মান বজায় রাখা সম্ভব হবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।