রান্নার ধোঁয়ায় এক্সহস্ট ফ্যান চটচটে ও নোংরা হয়ে গেছে? কোনো ঝামেলা ছাড়াই এভাবে পরিষ্কার করুন নিমিষে

রান্নাঘরের এক্সহস্ট ফ্যান পরিষ্কার করার কথা ভাবলেই অনেকের মনে বিরক্তি চলে আসে। মশলা ফোড়নের ধোঁয়া ও বাষ্প সরাসরি গিয়ে জমা হয় ফ্যানের ওপর। মাত্র কয়েক দিনের মধ্যেই ফ্যানটি এতটাই আঠালো ও নোংরা হয়ে পড়ে যে, তা পরিষ্কার করা বেশ এক ক্লান্তিকর ও কঠিন কাজ বলে মনে হয়। সপ্তাহের পর সপ্তাহ ধরে জমে থাকা সেই জেদি তেল-কালি ঘষে পরিষ্কার করতে গিয়ে কালঘাম ছুটে যায় অনেকেরই। তবে সামান্য কিছু ঘরোয়া উপাদান ব্যবহার করেই এই কঠিন কাজটিকে জলের মতো সহজ করে তোলা সম্ভব।
দামি কোনো রাসায়নিক ক্লিনার কেনার প্রয়োজন নেই। খুব সহজেই রান্নাঘরের সাধারণ কিছু জিনিস দিয়ে ফ্যানটি নতুনের মতো ঝকঝকে করে তুলতে পারেন। একনজরে দেখে নিন সহজ পদ্ধতিটি:
প্রয়োজনীয় উপকরণ:
গরম জল
বেকিং সোডা (২ টেবিল চামচ)
সাদা ভিনিগার (হাফ কাপ)
ডিশওয়াশিং লিকুইড
একটি পুরনো টুথব্রাশ ও সুতির কাপড়
পরিষ্কারের সহজ ধাপসমূহ:
১. সংযোগ বিচ্ছিন্ন করুন: নিরাপত্তার খাতিরে প্রথমে এক্সহস্ট ফ্যানের প্লাগ খুলে নিন। এরপর ফ্যানের গ্রিল এবং ব্লেডগুলো সাবধানে খুলে আলাদা করে ফেলুন।
২. মিশ্রণ তৈরি ও প্রয়োগ: একটি পাত্রে বেকিং সোডা, সামান্য ডিশওয়াশিং লিকুইড এবং সাদা ভিনেগার মিশিয়ে একটি ঘন পেস্ট তৈরি করুন। ফ্যানের ব্লেড ও গ্রিলের ওপর এই মিশ্রণটি ভালোভাবে ব্রাশ দিয়ে লাগিয়ে নিন।
৩. ১৫ মিনিট অপেক্ষা: মিশ্রণটি লাগিয়ে ১৫ থেকে ২০ মিনিট এভাবেই রেখে দিন। এর ফলে জমে থাকা জেদি তেল ও ময়লা নরম হয়ে আলগা হয়ে আসবে।
৪. ঘষে পরিষ্কার করা: এবার একটি পুরনো টুথব্রাশ দিয়ে ব্লেড ও গ্রিলগুলি হালকা হাতে ঘষুন। দেখবেন, সহজেই সমস্ত গ্রিজ বা তেল উঠে আসছে।
৫. ধোয়া ও শুকানো: সবশেষে হালকা গরম জল দিয়ে অংশগুলি ভালোভাবে ধুয়ে ফেলুন। একটি পরিষ্কার সুতির কাপড় দিয়ে মুছে সম্পূর্ণ শুকিয়ে নেওয়ার পর ফ্যানটি আবার আগের জায়গায় লাগিয়ে দিন।
ভবিষ্যতে এমন কষ্টসাধ্য কাজ এড়াতে মাসে অন্তত একবার লেবুর রস ও ভেজা কাপড় দিয়ে ফ্যানটি হালকাভাবে মুছে নিতে পারেন। এছাড়া শুকানোর পর ব্লেডের ওপর নারকেল তেলের একটি পাতলা প্রলেপ লাগিয়ে দিলে পরের বার ময়লা পরিষ্কার করা আরও সহজ হবে।