Shahid Kapoor Co-Actor Arrested: মাদক মামলায় পুলিশের জালে শাহিদ কাপুরের সহ-অভিনেতা! উদ্ধার ৫ লক্ষ টাকার এমডি ড্রাগ

মাদক কাণ্ডে বড়সড় ধাক্কা বলিউড ইন্ডাস্ট্রিতে! শাহিদ কাপুরের সহ-অভিনেতা রহুল্লা মেহদি গ্রেফতার

মাদক পাচার চক্রের সাথে নাম জড়াল এক বলিউড অভিনেতার। অভিনেতা শাহিদ কাপুরের আসন্ন ছবি ‘দেবা’ (Deva)-র সহ-অভিনেতা রহুল্লা মেহদিকে (Rohullah Mehdi) একটি মাদক মামলায় গ্রেফতার করেছে পুলিশ। মুম্বইয়ের মীরা রোড এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে।

২৮ গ্রাম এমডি ড্রাগ উদ্ধার

মুম্বই পুলিশের অপরাধ দমন শাখা সূত্রে জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে মীরা রোডের কাসিমীরা এলাকায় অভিযান চালানো হয়। প্রথমে কাসিফ নামের এক ব্যক্তিকে নাকা চেকিংয়ের সময় আটক করা হয়, যে ডাহাডেসর চেক নাকায় ২৮ গ্রাম এমডি (MD) ড্রাগ সরবরাহ করতে এসেছিল। তার দেওয়া তথ্যের ভিত্তিতেই কড়া নজরদারিতে আসেন রহুল্লা।

তদন্তে নেমে পুলিশ জানতে পারে, জম্মু ও কাশ্মীরের বদগামের বাসিন্দা হলেও রহুল্লা বর্তমানে মুম্বইয়ের গোরেগাঁও এলাকায় বসবাস করছিলেন। শাহিদ কাপুরের সঙ্গে ‘দেবা’ ছবির পাশাপাশি তিনি একাধিক জনপ্রিয় ওয়েব সিরিজেও অভিনয় করেছেন।

শুটিং ফ্লোর থেকে গ্রেফতার

পুলিশ যখন মালাডের একটি স্টুডিওর বাইরে হানা দেয়, তখন তিনি সেখানেই শুটিং করছিলেন। পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় রহুল্লার নাম এফআইআর-এর (FIR No. 437/2026) মূল অভিযুক্ত হিসেবে রয়েছে। তাঁর কাছ থেকে উদ্ধার হওয়া ২৮ গ্রাম এমডি ড্রাগের বাজারমূল্য আনুমানিক ৫ লক্ষ ৬০ হাজার টাকা।

গ্রেফতারির পর তাঁকে স্থানীয় আদালতে তোলা হলে আদালত তাঁকে পাঁচ দিনের পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে। এই হাই-প্রোফাইল মাদক সিন্ডিকেটের সাথে বলিউডের অন্য কেউ বা কোনো বড় চক্র জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে এখন রহুল্লার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, কল ডিটেইলস এবং গতিবিধির ওপর তীক্ষ্ণ নজর রাখছে কাশিমীরা অপরাধ দমন শাখা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *