১০৫ বছর বয়সে এসে জেলমুক্তি! ভারতের প্রবীণতম বন্দির মুক্ত জীবনের লড়াই দেখে কেঁদে ফেলবেন

শরীর ভেঙেছে, কমে গেছে দৃষ্টিশক্তি। বার্ধক্যজনিত নানা সমস্যায় জর্জরিত শতায়ু রসিক চন্দ্র মণ্ডল। বয়সটা আর কম হল না—১০০ পেরিয়েছেন কবেই! শৈশব, যৌবন ও সংসারের কোলাহল পেরিয়ে তাঁর জীবনের এক বিরাট দীর্ঘ সময় কেটেছে জেলের চার দেওয়ালের কুঠুরিতে। অবশেষে জীবনের একেবারে অন্তিম লগ্নে এসে মুক্তির আলো দেখলেন তিনি। পশ্চিমবঙ্গের জেল-ইতিহাসের প্রবীণতম বন্দি রসিক চন্দ্র মণ্ডল (Rasik Chandra Mondal) ১০৫ বছর বয়সে আইনি মারপ্যাঁচ কাটিয়ে অবশেষে কারাগার থেকে মুক্তি পেলেন।

কেন জেলে যেতে হয়েছিল রসিককে?

মালদহের (Malda) বাসিন্দা রসিক চন্দ্র। সালটা ১৯৮৮। সম্পত্তি নিয়ে বিবাদের জেরে ভাই সুরেশ মণ্ডলকে খুনের গুরুতর অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। সেই চাঞ্চল্যকর মামলায় ১৯৯৪ সালে নিম্ন আদালত তাঁকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয়। সেই সময় রসিকচন্দ্রের বয়স ছিল ৭৪ বছর। এরপর কেটে গিয়েছে দীর্ঘ তিন দশকেরও বেশি সময়। জেল, আদালত আর আইনি আবেদনের চক্করে এগোতে থাকে তাঁর জীবন। সময়ের নিয়মে একসময়ের কর্মক্ষম মানুষটি ধীরে ধীরে পৌঁছে যান শতবর্ষের দোরগোড়ায়।

আইনি লড়াই ও সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়

নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে আপিল করেছিলেন রসিকচন্দ্র। কিন্তু ২০১৮ সালে হাইকোর্ট সেই আবেদন খারিজ করে তাঁর সাজা বহাল রাখে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরে বাসা বাঁধে একাধিক রোগ। জীবনের শেষ প্রান্তে এসে তাঁর পক্ষে সুপ্রিম কোর্টে আবেদন জানানো হয়, যখন তাঁর বয়স প্রায় একশো ছুঁইছুঁই।

অবশেষে ২০২৪ সালের ২৯ নভেম্বর, ১০৩ বছর বয়সে তাঁকে অন্তর্বর্তীকালীন মুক্তি দেয় দেশের সর্বোচ্চ আদালত। এরপর থেকে তিনি জেলের বাইরেই ছিলেন। চলতি বছরে (২০২৬) সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার ডিভিশন বেঞ্চ তাঁর বয়স ও শারীরিক অবস্থার কথা বিবেচনা করে বাকি সাজা সম্পূর্ণ মকুব করার নির্দেশ দেয়। একইসঙ্গে এই মামলার চূড়ান্ত নিষ্পত্তিও ঘটিয়েছে আদালত।

প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়েছে, এখন থেকে একজন স্বাধীন নাগরিকের মতো জীবন কাটাতে পারবেন রসিকচন্দ্র। সুপ্রিম কোর্টের এই রায়ের ফলে ১০৫ বছরের এই বৃদ্ধকে আর কখনো কারাগারে ফিরতে হবে না। জীবনের বাকি দিনগুলো তিনি এবার নিজের মতো করেই কাটাতে পারবেন।

Editor001
  • Editor001

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *