স্কুলের গণ্ডিতে লজ্জাজনক ঘটনা! নম্বর কম দেওয়ার হুমকি দিয়ে ছাত্রীর কাছে আপত্তিকর ছবি চাইল গণিত শিক্ষক

পবিত্র শিক্ষক-ছাত্রী সম্পর্কের বিশ্বাসের জায়গাকে চরমভাবে কলঙ্কিত করার অভিযোগ উঠল ছত্তিশগড়ের এক গণিতের শিক্ষকের বিরুদ্ধে। পরীক্ষায় ফেল করিয়ে দেওয়ার ভয় দেখিয়ে এক নাবালিকা ছাত্রীর কাছে ক্রমাগত অশ্লীল ছবি ও ভিডিও চাওয়ার অভিযোগে ওই শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। পকসো আইনসহ একাধিক কঠোর ধারায় মামলা রুজু করে তাঁকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের কাঁকের জেলার বাঁদে থানা এলাকায়। গত ১৬ অগস্ট স্কুলে অতিরিক্ত গণিতের ক্লাস চলাকালীন ওই শিক্ষক কৌশলে এক নাবালিকা ছাত্রীর মোবাইল নম্বর জোগাড় করেন। অভিযোগ, এর পরই শুরু হয় তাঁর কদর্য মানসিকতার খেলা। ফোন এবং বিভিন্ন মেসেজিং অ্যাপের মাধ্যমে ওই ছাত্রীর কাছে নিয়মিত অশ্লীল ছবি ও ভিডিও পাঠানোর জন্য তীব্র চাপ সৃষ্টি করা হতে থাকে।

তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, অভিযুক্ত শিক্ষক ওই ছাত্রীকে সাফ জানিয়েছিলেন যে তাঁর কথা না শুনলে আগামী পরীক্ষায় তাকে ফেল করিয়ে দেওয়া হবে। শিক্ষকের এই ক্রমাগত হুমকিতে মানসিকভাবে ভেঙে পড়েছিল ওই নাবালিকা। তবে ভয় ও সঙ্কোচ কাটিয়ে শেষ পর্যন্ত সে গোটা বিষয়টি তার পরিবারকে খুলে বলে।

মেয়ের মুখে সমস্ত ঘটনা শোনার পর আর এক মুহূর্তও দেরি করেনি পরিবার। গত ২০ অগস্ট বাঁদে থানায় গিয়ে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন ছাত্রীর মা। অভিযোগ পাওয়ার পরই নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন। পখাঞ্জুরের এসডিওপি কুলদীপ বাঞ্জারে জানিয়েছেন, অভিযোগের গুরুত্ব বিবেচনা করে দ্রুত তদন্ত শুরু হয় এবং ২১ অগস্ট সন্ধের মধ্যেই অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করা হয়। অপরাধের কাজে ব্যবহৃত তাঁর মোবাইল ফোনটিও বাজেয়াপ্ত করা হয়েছে।

প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-এর ৭৫ ধারা, পকসো আইনের ১২ ধারা এবং তথ্যপ্রযুক্তি আইনের ৬৭(এ) ধারায় মামলা রুজু করা হয়েছে। আদালতের নির্দেশে অভিযুক্তকে প্রথমে জেল হেফাজতে এবং পরবর্তীতে কাঁকের জেলা কারাগারে পাঠানো হয়েছে। শুধু ওই নাবালিকাই নয়, এই শিক্ষক অতীতে অন্য কোনও ছাত্রীর সঙ্গেও এমন অশালীন আচরণ করেছিলেন কি না, তা খতিয়ে দেখতে বাজেয়াপ্ত করা মোবাইল ফোনের ডিজিটাল ডেটা ও চ্যাট হিস্ট্রি খুঁটিয়ে দেখছেন তদন্তকারীরা। স্কুলের মতো সুরক্ষিত স্থানে শিক্ষকের এহেন লম্পট রূপ সামনে আসায় তীব্র নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠেছে বিভিন্ন মহলে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *