উত্তর বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত থেকে জন্ম নিল নিম্নচাপ! দক্ষিণবঙ্গে কি তবে ভারী বৃষ্টির ভ্রূকুটি?

উত্তর বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত অবশেষে শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, ভারত ও বাংলাদেশ সংলগ্ন উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণাবর্তটি রবিবার সকালেই নিম্নচাপের রূপ নিয়েছে। বর্তমানে এটি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং পশ্চিমবঙ্গ-ওড়িশা উপকূলের কাছাকাছি অবস্থান করছে। এই নিম্নচাপের জেরে রাজ্যের বিভিন্ন অংশে আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গে বৃষ্টির হলুদ সতর্কতা:
নিম্নচাপের প্রত্যক্ষ প্রভাবে আজ ও আগামীকাল সোমবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি বজ্রবিদ্যুৎপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ঝাড়গ্রাম জেলায় আগামী এক থেকে দুই ঘণ্টার মধ্যে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। বৃষ্টির সময় ঝোড়ো হাওয়ার গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার।

সমুদ্র উত্তাল, মৎস্যজীবীদের জন্য বিশেষ নিষেধাজ্ঞা:
নিম্নচাপের জেরে উপকূলবর্তী এলাকার সমুদ্র যথেষ্ট উত্তাল হওয়ার আশঙ্কা রয়েছে। সমুদ্রপৃষ্ঠে ঘণ্টায় ৫৫ থেকে ৬০ কিলোমিটার বেগে শক্তিশালী ও ঝোড়ো হাওয়া বইতে পারে। এই পরিস্থিতিতে দুর্ঘটনা এড়াতে আজ ও আগামীকাল রবিবার-সোমবার মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে কঠোরভাবে নিষেধ করা হয়েছে।

উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস:
শুধু দক্ষিণবঙ্গেই নয়, আগামী কাল থেকে উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলিতেও বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দার্জিলিং সহ উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। রবিবার বৃষ্টির রেশ কিছুটা কম থাকলেও সোমবার থেকে ফের আবহাওয়া বদলাবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।

কলকাতার আবহাওয়া:
রাজধানী কলকাতায় আজ আকাশ মূলত মেঘলা থাকবে। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। তবে একটানা বৃষ্টির অভাব এবং বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *